মাইকেল ক্যারিক ম্যানচেস্টার ইউনাইটেডের স্থায়ী কোচ
মাইকেল ক্যারিক ম্যানচেস্টার ইউনাইটেডের স্থায়ী কোচ

ফুটবল কোচদের চাকরি অনেকটা সুতোর ওপর হাঁটার মতো। যেকোনো মুহূর্তেই ছিটকে যাওয়ার শঙ্কা থাকে। তবু চুক্তিপত্রের ধরন অনুসারে স্থায়ী, অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন লেখা থাকে। গত পাঁচ মাস ধরে ম্যানচেস্টার ইউনাইটেডকে সেই অন্তর্বর্তীকালীন পরিচয়েই কোচিং করিয়েছেন মাইকেল ক্যারিক।

স্থায়ী কোচ হিসেবে নিয়োগ

এবার ক্লাবের সাবেক এই ফুটবলারকে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ ক্লাবটি আজ ক্যারিকের খবর জানিয়ে বলেছে, দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে।

জানুয়ারিতে রুবেন আমোরিম বরখাস্ত হওয়ার পর মৌসুমের বাকি সময়ের জন্য কোচ হয়েছিলেন ক্যারিক। ৪৪ বছর বয়সী এই কোচের অধীনে ১৬ ম্যাচের ১১টিতে জয় পেয়েছে ইউনাইটেড। এরই মধ্যে প্রিমিয়ার লিগে তৃতীয় স্থান নিশ্চিত করে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলাও নিশ্চিত হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উল্লেখযোগ্য পারফরম্যান্স

১৩ জানুয়ারি ক্যারিক দায়িত্ব পাওয়ার পর ইউনাইটেড লিগে মোট ৩৬ পয়েন্ট পেয়েছে, যা শিরোপাজয়ী আর্সেনাল ও দ্বিতীয় হওয়া ম্যানচেস্টার সিটির চেয়েও বেশি। এমন পারফরম্যান্সের পর ক্যারিকের স্থায়ী চুক্তি পাওয়ার বিষয়টি সপ্তাহ দুয়েক ধরেই আলোচনা হচ্ছিল।

ক্যারিকের পটভূমি

খেলোয়াড়ি জীবনে ২০০৬ থেকে পরবর্তী ১২ বছর ইউনাইটেডেই কাটিয়েছিলেন ক্যারিক। ২০১৮ সালে বুটজোড়া তুলে রাখলেও ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটিতে জোসে মরিনিওর সহকারী হিসেবে থেকে যান। ২০২১ সালে ওলে গুনার শুলসারের বিদায়ের পর অস্থায়ী কোচ হিসেবে তিন ম্যাচ ডাগআউটেও ছিলেন। ২০২২ সালে মিডলসবোরোর দায়িত্ব নিয়ে সেখানেই ছিলেন ২০২৫ পর্যন্ত। ছয় মাস ক্লাবহীন থাকার পর জানুয়ারিতে ইউনাইটেডে ফেরেন আমোরিমের জায়গায়। এখন চাকরিটায় আরও দুই বছরের জন্য থিতু হচ্ছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ