কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মাঝপথে হঠাৎ চমক হয়ে এলেন বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলি। মঞ্চে উপস্থাপক কাজী সাবিরের সঙ্গে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এসে অনেকটাই নতুন কোচের আগমন বার্তা দিলেন। কোট প্যান্ট পরে দীর্ঘদেহী কোচ ডুলি হাস্যোজ্জ্বল কণ্ঠে বাংলাদেশ নিয়ে জানালেন নিজের স্বপ্নের কথা।
বাংলাদেশে আসার সিদ্ধান্ত
শুরুতে ৬৫ বছর বয়সী কোচ বাংলাদেশে আসার সিদ্ধান্ত প্রসঙ্গে বলেন, ‘আমি মালয়েশিয়া বা ফিলিপাইনে যখন কাজ করেছি, তখন সেখানকার অনেক মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে এবং তারা সবাই ফুটবল দ্বারা চালিত এবং ফুটবল ভালোবাসে। এখানে প্রচুর প্যাশন রয়েছে এবং আমি বাংলাদেশ সম্পর্কে কিছুটা জানতাম। তাই প্রধান কোচের এই পদটি যখন খালি হলো, আমি আবেদন করলাম এবং ভাবলাম এখানে কাজ করতে পারলে দারুণ হবে।’
প্রত্যাশার চাপ ও সমালোচনা
দর্শকদের প্রত্যাশার চাপ ও সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এটার জন্য প্রস্তুত। আমি জার্মানি থেকে এসেছি এবং জার্মানিতেও একই অবস্থা। বাংলাদেশে হয়তো ১০ লাখ কোচ আছেন, তারা সবাই ফুটবল বোঝেন এবং এটি ভালো। এটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু, আমাদের বাস্তববাদী হতে হবে। আমি সবসময় আমার খেলোয়াড়দের এবং ফেডারেশনকে বলি, লক্ষ্য যদি বাস্তবসম্মত হয় তবে আমরা যেকোনো কিছু অর্জন করতে পারি। আমরা গত ২৩ বছরে কিছু জিতিনি, এখন সময় এসেছে তা করার।’
মাঠের কৌশল ও খেলার ধরন
মাঠের কৌশল ও খেলার ধরন নিয়ে ডুলি তার বক্তব্যে বলেন, ‘বাস্তবসম্মত লক্ষ্য হলো দলটিকে এমন এক অবস্থানে নিয়ে যাওয়া যেখানে তারা সুন্দর ফুটবল খেলে আরও আকর্ষণ অর্জন করবে। আমি ফুটবল খেলতে ভালোবাসি, ফুটবলের পেছনে দৌড়াতে পছন্দ করি না। আমি আমার খেলোয়াড়দেরও এটাই বলি। বল তাড়া করা আমি পছন্দ করি না। এতে কোনও কারণ ছাড়াই দৌড়াতে হয়, বল ফেরত পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হয়, অথচ বেশিরভাগ সময় বল ফেরত পাওয়া যায় না। আমি ফুটবল খেলতে পছন্দ করি।’
খেলোয়াড়দের উদ্দেশে বার্তা
খেলোয়াড়দের উদ্দেশে তিনি বলেন, ‘আমি খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে চাই কারণ এর জন্য কঠোর পরিশ্রম করতে হবে। এখানে উপস্থিত সকল চ্যাম্পিয়নরা এর জন্য কঠোর পরিশ্রম করেছেন। আমাদের খেলোয়াড়দের উচিত তাদের সঙ্গে কথা বলা যে, এই স্তরে পৌঁছানোর জন্য তারা জীবনে কী কী ত্যাগ স্বীকার করেছেন। পুরস্কার পাওয়ার আগে যে কঠোর পরিশ্রম করতে হয়—এই বিষয়টিই আমাদের খেলোয়াড়দের মাথায় ঢুকাতে হবে। আপনি যদি কিছু অর্জন করতে চান, তবে আপনার জীবন থেকে কিছু জিনিস ত্যাগ করতে হবে। আর যারা এটি করতে প্রস্তুত, আমরা তা অর্জন করতে পারবো।’
ফিফা র্যাংকিং নিয়ে পরিকল্পনা
ফিফা র্যাংকিং নিয়ে নিজের পরিকল্পনার কথা উল্লেখ করে ডুলি বলেন, ‘আমার লক্ষ্য হলো র্যাংকিং ১৬০ বা ১৫০-এর মধ্যে নিয়ে আসা। এটি রাতারাতি ঘটবে না। এটি একটি প্রক্রিয়া। আমি এই বিষয়ে একটি বইও লিখেছি—দ্য ট্রুথ অ্যাবাউট সাকসেস ইন সকার দ্যাট নো ওয়ান টিচেস। সেখানে চারটি স্তম্ভ রয়েছে এবং যার একটি হলো মানসিকতা। মানসিকতা পরিবর্তন করা যাবে না, এটি আপনার চিন্তাভাবনার ধরন। আমাদের ফুটবল নিয়ে চিন্তা করতে হবে এবং আমাদের কী করা দরকার তা বুঝতে হবে, তাহলেই আমরা যেকোনো কিছু অর্জন করতে পারবো। লক্ষ্য বাস্তবসম্মত হতে হবে। আগামীকালের মধ্যে না হলেও, হয়তো এক বছরের মধ্যে ১৬০-এর নিচে আসা বাস্তবসম্মত।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে রসিকতা
সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি সমর্থকদের ফলোয়ার নিয়ে রসিকতা করে ডুলি বলেন, ‘হ্যাঁ, সচেতন থাকুন, আমি জানি। বাংলাদেশ থেকে ইতোমধ্যে আমার ১০ লাখ বন্ধু হয়ে গেছে।’



