কামাভিঙ্গাকে বাদ দিয়ে ফ্রান্সের বিশ্বকাপ দল ঘোষণা
কামাভিঙ্গাকে বাদ দিয়ে ফ্রান্সের বিশ্বকাপ দল ঘোষণা

ফ্রান্সের বিশ্বকাপ দল ঘোষণা করেছেন কোচ দিদিয়ের দেশম। গতকাল রাতে ঘোষিত ২৬ সদস্যের দলে সবচেয়ে বড় চমক হলো রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গার অনুপস্থিতি। কামাভিঙ্গা ছাড়া অন্যান্য তারকা খেলোয়াড়রা প্রায় সবাই দলে জায়গা পেয়েছেন।

কামাভিঙ্গা বাদ পড়ার কারণ

২০২২ বিশ্বকাপে রানার্সআপ হওয়া ফ্রান্স দলের সদস্য ছিলেন কামাভিঙ্গা। আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে বদলি হিসেবে মাঠেও নেমেছিলেন তিনি। তবে এবার তাকে দলে না নেওয়ার কারণ ব্যাখ্যা করে দেশম বলেন, ‘এটা তার জন্য কঠিন একটি মৌসুম ছিল। সে কম খেলেছে, চোটেও ভুগেছে। খুব অল্প বয়সে সে আমাদের দলে এসেছিল। এখনো সে তরুণ খেলোয়াড়।’

দলের ভারসাম্যের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে দেশম আরও বলেন, ‘আমাকে তো কিছু সিদ্ধান্ত নিতেই হয়। দল গঠনে রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণ—সব জায়গায় ভারসাম্য রাখতে হয়। তবু আমি বুঝতে পারছি, আজ রাতে সে কতটা হতাশ।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শেভালিয়েরও বাদ

পিএসজির গোলরক্ষক লুকাস শেভালিয়েরও জায়গা পাননি। তাঁর বাদ পড়া অবশ্য অনুমেয় ছিল। পিএসজিতে রুশ গোলরক্ষক মাতেভি সাফোনোভের কাছে শুরুর একাদশে জায়গা হারিয়েছেন তিনি। জানুয়ারির শেষ দিক থেকে আর খেলাই হয়নি তাঁর।

আক্রমণভাগে ঈর্ষণীয় বিকল্প

দেশমের বিশ্বকাপ দলের আক্রমণভাগে রয়েছে ঈর্ষণীয় সব বিকল্প। দলে আছেন কিলিয়ান এমবাপ্পে, ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে, তরুণ তুর্কি দেজিরে দুয়ে, মাইকেল ওলিসে, রায়ান চেরকি ও ম্যাগনেস আকালিউশের মতো তারকা।

দেশমের উচ্চাকাঙ্ক্ষা ও বিনয়

স্কোয়াড ঘোষণার পর দেশম বলেন, ‘আমার উচ্চাকাঙ্ক্ষা আছে, আমি চাই খেলোয়াড়দের মধ্যেও সেটা থাকুক। তবে আমরা যেন বিনয় হারিয়ে না ফেলি। আমরা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য রাখি না—এ কথা আমি বলব না। এমন দাবি আরও আট থেকে দশটি দলও করতে পারে। শুধু চিৎকার করে “আমরাই সেরা, আমরাই সবচেয়ে শক্তিশালী” বললেই তো আর কিছু হয়ে যায় না।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মাতেতার জায়গা, কোলো মুয়ানি বাদ

দেশমের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ক্রিস্টাল প্যালেস ফরোয়ার্ড জাঁ-ফিলিপ মাতেতা। এই ফরোয়ার্ডকে জায়গা দিতে বাদ পড়েছেন গত বিশ্বকাপের ফাইনালে শেষ মুহূর্তে ওয়ান টু ওয়ানে এমিলিয়ানো মার্তিনেজকে ফাঁকি দিয়ে গোল করতে না পারা রানদাল কোলো মুয়ানি। হতাশ হতে পারেন লাঁসের উইঙ্গার ফ্লোরিয়ান থাউভিনও। লিগ আঁর মৌসুমসেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া পাঁচজনের একজন তিনি, তবু বিশ্বকাপের দলে জায়গা হয়নি।

প্রথমবারের মতো ডাক পেয়েছেন রবিন রিসার

দারুণ এক মৌসুম কাটানোর পুরস্কার হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন গোলরক্ষক রবিন রিসার। লাঁসের হয়ে খেলা রিসার এ মৌসুমে ফরাসি লিগের অন্যতম আবিষ্কার। চলতি সপ্তাহেই তিনি সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন। লিগ আঁ-তে লাঁসের দুর্দান্ত পারফরম্যান্সের পেছনে দারুণ ভূমিকা ছিল তাঁর। সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই তাঁকে বিশ্বকাপ দলে নিয়েছেন দেশম। তবে দলে তিনি থাকবেন তৃতীয় গোলরক্ষকের ভূমিকায়। তাঁর ওপরে আছেন মাইক মাইনিয়ঁ ও ব্রিস সাম্বা।

গ্রুপ পর্বে ফ্রান্সের প্রতিপক্ষ

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে ‘আই’ গ্রুপে খেলবে ফ্রান্স। আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। এরপর ২২ জুন দ্বিতীয় ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ ইরাক। গ্রুপপর্বের শেষ ম্যাচে আগামী ২৬ জুন নরওয়ের মুখোমুখি হবেন এমবাপ্পেরা।

দেশমের শেষ টুর্নামেন্ট

ফ্রান্সের হয়ে এটাই দেশমের শেষ টুর্নামেন্ট। বিশ্বকাপ শেষে দায়িত্ব ছাড়ার ঘোষণাটা আগেই দিয়েছেন। ২০১২ সালে দায়িত্ব নেওয়ার পর তার অধীনে দারুণ সফল সময় কাটিয়েছে ফ্রান্স। দলকে ২০১৮ বিশ্বকাপ জিতিয়েছেন, এরপর ২০২২ বিশ্বকাপের ফাইনালেও তোলেন।

২০২৬ বিশ্বকাপে ফ্রান্স স্কোয়াড

গোলরক্ষক: মাইক মাইনিয়ঁ, ব্রিস সাম্বা, রবিন রিসার।

রক্ষণভাগ: লুকা দিনিয়ে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, হুলেস কুন্দে, ম্যাক্সাঁস লাক্রোয়া, উইলিয়াম সালিবা ও দায়োত উপামেকানো।

মিডফিল্ডার: এনগোলো কান্তে, মানু কোনো, আদ্রিয়াঁ রাবিও, অরেলিয়াঁ চুয়ামেনি ও ওয়ারেন জায়ারে-এমেরি।

আক্রমণভাগ: ম্যাগনেস আকালিউশ, ব্র্যাডলি বারকোলা, রায়ান শেরকি, উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, জ্যঁ-ফিলিপ মাতেতা, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে ও মার্কোস থুরাম।