আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে বর্তমান রানার্সআপ ফ্রান্স। এই মেগা ইভেন্টকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। প্রত্যাশিতভাবেই এই তারকাসমৃদ্ধ দলের নেতৃত্ব দেবেন কিলিয়ান এমবাপ্পে। আক্রমণভাগে এমবাপ্পের সঙ্গী হিসেবে থাকছেন শতাব্দীর দ্বিতীয় ফরাসি তারকা হিসেবে ডি’অর জেতা উসমানে দেম্বেলে। তবে বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদ তারকা এদুয়ার্দো কামাভিঙ্গা।
এমবাপ্পের সামনে মাইলফলক
এবারের বিশ্বকাপে এমবাপ্পের সামনে রয়েছে এক অনন্য ব্যক্তিগত মাইলফলক ছোঁয়ার সুযোগ। বর্তমানে ৫৭ গোল নিয়ে ফ্রান্সের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার সিংহাসন অলিভিয়ের জিরুডের দখলে। মাত্র এক গোল পিছিয়ে থাকা এমবাপ্পে (৫৬ গোল) এই আসরেই জিরুডকে ছাড়িয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার অপেক্ষায়। ঊরুর চোট নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও দলের প্রাণভোমরার ওপর পূর্ণ আস্থা বজায় রেখেছেন দেশম।
চমক ও বাদ পড়া
ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বড় চমক হলো রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা এবং টটেনহ্যামের রানডাল কোলো মুয়ানির বাদ পড়া। ইনজুরি ও অফ-ফর্মের কারণে এই দুই তারকাকে ছাড়াই দল সাজিয়েছেন দেশম। এ বিষয়ে দেশম ফরাসি টিভি চ্যানেল টিএফওয়ান’কে বলেন, ‘এটি কেবল ২৬ জন সেরা খেলোয়াড়ের দল নয়, বরং দলের ভারসাম্যের বিষয়। কামাভিঙ্গা একটি কঠিন মৌসুম পার করেছে, তার জন্য সিদ্ধান্ত নেওয়া আমার জন্য সহজ ছিল না।’
তরুণ প্রতিভাদের অন্তর্ভুক্তি
আক্রমণভাগে মাইকেল অলিসে এবং দেশিরে দুয়ে-র মতো তরুণ প্রতিভাদের সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া ম্যানচেস্টার সিটির রায়ান চেরকি এবং আর্সেনাল ডিফেন্ডার উইলিয়াম সালিবা প্রিমিয়ার লিগের সাত ফুটবলারের প্রতিনিধি হিসেবে স্কোয়াডে আছেন। আর ২০১৮ বিশ্বকাপ জয়ী দলের সদস্য হিসেবে লুই হার্নান্দেজ, এনগোলো কান্তে, এমবাপ্পে ও দেম্বেলেই কেবল টিকে আছেন।
ফ্রান্সের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড
গোলরক্ষক: মাইক মাইনান, রবিন রিসার, ব্রাইস সাম্বা। রক্ষণভাগ: লুকাস ডিনে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, ম্যাক্সেন্স ল্যাক্রোইক্স, জুলেস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো। মাঝমাঠ: এনগোলো কান্তে, মানু কোনে, আদ্রিয়েন রাবিওত, অরেলিয়েন চুয়ামেনি, ওয়ারেন জাইরে-এমেরি। আক্রমণভাগ: মাগনেস আকলিউচে, ব্র্যাডলি বারকোলা, রায়ান চেরকি, উসমানে দেম্বেলে, দেশিরে দুয়ে, মাইকেল অলিসে, কিলিয়ান এমবাপ্পে, জ্যঁ-ফিলিপ মাতেতা, মার্কাস থুরাম।



