কানসাসে আর্জেন্টিনা ক্যাম্প করেছে। সেখানে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। তাই অনুশীলন মাঠে সমর্থকদের ভিড় কম নয়। সবাই নেচে গেয়ে মেসিদের দলকে অনুপ্রেরণা দিচ্ছে। আলজেরিয়ার বিপক্ষে শুরুর ম্যাচে যেন দারুণ সূচনা হয়। আগের রেকর্ড বলছে, এবারও কানসাসে আলজেরিয়াকে ভোগাবে মেসিরা।
২০০৭ সালের সেই ম্যাচ
সময়টা ২০০৭ সালের ৫ জুন। ভেনিজুয়েলার কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচ খেলতে স্পেনের মাটিতে আলজেরিয়ার মুখোমুখি হয়েছিল আলফিও বাসিলের আর্জেন্টিনা। রবার্তো আয়ালা, হুয়ান সেবাস্তিয়ান ভেরন কিংবা হুয়ান রোমান রিকুয়েলমেদের মতো অভিজ্ঞদের পাশে সেদিন মাঠে ছিলেন তরুণ লিওনেল মেসি। জাদুকরি পারফরম্যান্সে আলজেরিয়ার রক্ষণকে তছনছ করে দিয়েছিলেন তখনকার তরুণ ফুটবলার।
ম্যাচের প্রথমার্ধ
ম্যাচের বয়স তখন মাত্র দেড় মিনিট। পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন কার্লোস তেভেজ। মাত্র ৯ মিনিটের মাথায় আনথার ইয়াহিয়ার গোলে সমতায় ফেরে আলজেরিয়া। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে মাজিদ বুঘেরার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়ে আলবিসেলেস্তেদের স্তব্ধ করে দেয় তারা।
দ্বিতীয়ার্ধে মেসির ম্যাজিক
দ্বিতীয়ার্ধে শুরু হয় মেসির ম্যাজিক। মাত্র ৩ মিনিটের ব্যবধানে ম্যাচের গতিপথ বদলে দেয় আর্জেন্টিনা। প্রথমে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান লিওনেল মেসি, আর ঠিক পরের মিনিটে জালের ঠিকানা খুঁজে নেন ক্যাম্বিয়াসো। ম্যাচের ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন মেসি। শেষ মুহূর্তে আলজেরিয়ার বেলহাদজি একটি গোল শোধ করলেও ৪-৩ ব্যবধানের এক রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
এবারের বিশ্বকাপে মুখোমুখি
১৯ বছর আগের সেই প্রীতি ম্যাচের পর এবারই প্রথম কোনো টুর্নামেন্টে মুখোমুখি হচ্ছে এই দুই দল। লিওনেল স্কালোনির শিষ্যরা এবার মাঠে নামছে তাদের শিরোপা ধরে রাখার মিশন নিয়ে, যেখানে প্রথম ম্যাচেই জয় দিয়ে দারুণ শুরু করতে মরিয়া আলবিসেলেস্তেরা।



