৪৮ দল নিয়ে প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে ফুটবল বিশ্বকাপ। দলগুলোর মধ্যে ৪৭ দল বিশ্বকাপজয়ের স্বপ্ন নিয়ে পা রেখেছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ব্যতিক্রম কেবল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপজয়ী লিওনেল স্কালোনির শিষ্যরা শিরোপা ধরে রাখার অঙ্গীকার নিয়ে বুয়েনস আইরেস থেকে 'রোলিনিয়াস আর্জেন্টিনাস' নামক বিশেষ বিমানে চড়ে পৌঁছেছেন মার্কিন মুলুকে। বিমানটি মোড়া ছিল লিওনেল মেসির ১০ নম্বর জার্সি ও তিনটি বিশ্বকাপ জয়ের স্মারক সোনালি তারকা। ফেরার পথে চারটি তারকা যুক্ত করতে চান তারা।
প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি
শিরোপা ধরে রাখার অভিযানে গ্রুপ 'জে'-এর নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল সকাল ৭টায় মাঠে নামবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ আফ্রিকার দেশ আলজেরিয়া। ফিফা র্যাংকিংয়ে তাদের অবস্থান ২৭ নম্বরে, অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়নদের অবস্থান শীর্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে কানসাস সিটির এরোহেড স্টেডিয়ামে। এই শহরেই বিশ্বকাপ অভিযানের জন্য ঘাঁটি গেড়েছে মেসি, মার্টিনেজ, আলভারেজ, লাউতারো, ওতামেন্ডিরা। ফলে শহরটির আবহাওয়া বিশ্বচ্যাম্পিয়নদের চেনা।
স্কালোনির সতর্কতা
প্রতিপক্ষ হিসেবে আলজেরিয়া সহজ প্রতিদ্বন্দ্বী হলেও আর্জেন্টাইন মাস্টারমাইন্ড স্কালোনি সতর্ক থাকতে চান। তিনি প্রতিপক্ষকে ছোট করে দেখতে চান না। আগামীকালের ম্যাচে নামার মধ্য দিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলার মাইলফলক স্পর্শ করবেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে বিশ্বকাপ খেলার প্রসঙ্গে এক সাক্ষাৎকারে মেসি বলেন, 'আমি খুশি, প্রতিটি মুহূর্ত উপভোগ করছি এবং আগের মতোই রোমাঞ্চিত।'
আর্জেন্টিনার ফর্ম ও শক্তি
সবশেষ টানা সাত ম্যাচে অপরাজিত বিশ্বচ্যাম্পিয়নরা। ২০২৫ সালের সেপ্টেম্বরে ইকুয়েডরের কাছে প্রীতি ম্যাচে হেরেছিল মেসিরা। বর্তমানে আর্জেন্টিনা দল নিয়ে আত্মবিশ্বাসী মেসি। তিনি বলেন, 'প্রতিপক্ষদের জন্য আর্জেন্টিনার মুখোমুখি হওয়া খুব কঠিন হবে। কারণ এটি একটি অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত ঐক্যবদ্ধ দল।'
মার্টিনেজের প্রত্যাবর্তন
আর্জেন্টাইন সমর্থকদের জন্য সুখবর, আঙুলের চোট কাটিয়ে মাঠে ফিরতে প্রস্তুত এমিলিয়ানো মার্টিনেজ। ম্যাচের আগের অনুশীলনে আত্মবিশ্বাসী দেখা গিয়েছে কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসজয়ী এই গোলরক্ষককে। ফলে আগামীকালের ম্যাচে একাদশে দেখা যেতে পারে তাকে।
স্কালোনির দুশ্চিন্তা
তবে স্কালোনির কিছুটা দুশ্চিন্তাও রয়েছে। গত ৬ জুন হন্ডুরাসের বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে লেফট-ব্যাক নিকোলাস তাগলিয়াফিকো পেশিতে চোট পান। ফলে গত সপ্তাহে আইসল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে তার জায়গায় খেলতে হয় সেন্টার-ব্যাক ফাকুন্দো মেদিনাকে। তাগলিয়াফিকো পুরোপুরি ফিট হলে ২০২২ বিশ্বকাপজয়ী দলের ১১ জনের মধ্যে ১০ জনই আবারও শুরুর একাদশে দেখা যেতে পারে।
ইতিহাসের পুনরাবৃত্তি এড়াতে চায় আর্জেন্টিনা
১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের ইতিহাস লিখতে চায় আর্জেন্টিনা। তবে সমর্থকদের স্মৃতিতে এখনো জ্বলজ্বল করছে চার বছর আগের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সৌদি আরবের বিপক্ষে অপ্রত্যাশিত হার। আগামীকাল ২০২২ সালের ২২ নভেম্বরের সেই অঘটনের পুনরাবৃত্তি ঘটাতে চাইবে আলজেরিয়া।
আলজেরিয়ার শক্তি
আলজেরিয়ার ট্রাম্প কার্ড হতে পারেন বায়ার লেভারকুসেন তারকা ইব্রাহিম মাজা, যিনি ক্লাব ফুটবলে 'মাজাদোনা' নামে পরিচিত। ভ্লাদিমির পেতকোভিচের অধীনে দুর্দান্ত ছন্দে রয়েছে গোটা আলজেরিয়া। টানা চার ম্যাচে অপরাজিত তারা। বিশ্বমঞ্চে নামার আগে প্রস্তুতি ম্যাচে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের সঙ্গে ড্র করেছে এবং নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়েছে। ফরোয়ার্ড আনিস হাজ মুসা ও আমিন গৌরি শেষ দুই ম্যাচে মিলিয়ে চার গোল করেছেন। নিজেদের সবশেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে আলজেরিয়া।
জিদানের ছেলে লুকা জিদান
আলজেরিয়ার গোলবারের দায়িত্ব সামলাবেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান। তার জন্মস্থান ফ্রান্স হলেও দাদা-দাদির জন্মভূমি আলজেরিয়ার জার্সি গায়ে জড়ানোর সাহসী সিদ্ধান্ত নিয়েছেন তিনি, যিনি ফ্রান্সের বয়সভিত্তিক দলগুলোতে খেলেছেন।
মুখোমুখি পরিসংখ্যান
মাঠে এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও আলজেরিয়া। ২০০৭ সালে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছিল আলবিসেলেস্তেরা। সবমিলিয়ে আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত ম্যাচ খেলে বিশ্বকাপ অভিযান শুরু করতে চাইবে বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে, এক যুগ পর বিশ্বকাপে ফেরা আলজেরিয়ার চোখ মিরাক্কেলে।



