গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর চতুর্থ দিনের কোয়ার্টার ফাইনালে টঙ্গী ফুটবল একাডেমি ২-১ গোলে এইচএমআরসি ঠাকুরগাঁওকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।
টুর্নামেন্টের সূচনা ও অংশগ্রহণ
গত ২০ জুন থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে সারাদেশ থেকে মোট ১৬টি জেলা দল অংশগ্রহণ করছে। বুধবার (১ জুলাই) অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া। খেলাটি উদ্বোধন করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শারিয়ার নজির এবং সভাপতিত্ব করেন টুর্নামেন্ট আয়োজক কমিটির আহবায়ক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহবায়ক গাসিক সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু।
দর্শক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি
দর্শক গ্যালারিতে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের নির্বাচিত সেরা দর্শক ও বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহাম্মদ সুমন, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ, আয়োজক কমিটির সদস্য সচিব আব্দুর রউফ নয়ন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ভিপি জয়নাল আবেদীন তালুকদার, ক্রীড়া সংগঠক ও বিএনপি নেতা আব্দুর রহিম খান কালা, বিএনপি নেতা ও গাসিক সাবেক কাউন্সিলর মো. তানভীর আহাম্মেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, জিয়া পরিষদ গাজীপুর মহানগরের সভাপতি এড. সাইফুল ইসলাম মোল্লা, গাজীপুর জেলা সেচ্চাসেবক দলের আহবায়ক হাসিবুর রহমান মুন্না, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম খান এবং শেখ রাসেল আহাম্মেদ শ্যামল প্রমুখ।
ম্যাচের বর্ণনা ও ফলাফল
বৃষ্টিভেজা মাঠে শক্তিশালী দুই দলের খেলোয়াড়দের তুমুল লড়াই এবং দর্শকদের মুহুর্মুহু স্লোগান ও হাততালিতে পুরো স্টেডিয়াম এলাকা মাতিয়ে ওঠে। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে টঙ্গী ফুটবল একাডেমি ২-১ গোলে এইচএমআরসি ঠাকুরগাঁওকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যায়। দূর-দূরান্ত থেকে হাজার হাজার দর্শক খেলা উপভোগ করতে স্টেডিয়ামে সমবেত হন।
আগামী ম্যাচ
আগামী শনিবার (৩ জুলাই) মাঠে নামবে দুই শক্তিশালী ফুটবল দল বিকেএসপি ও জামালপুর জেলা দল। প্রতিদিন হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে টুর্নামেন্টটি প্রাণবন্ত হয়ে উঠেছে।



