২০২৬ ফুটবল বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম্ভাব্য মুখোমুখি লড়াই ঘিরে ফুটবল বিশ্বে উত্তেজনা তুঙ্গে। এবার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও পর্তুগাল মুখোমুখি হতে পারে—এমন সম্ভাবনা জাগার পর টিকিটের বাজারে ব্যাপক প্রভাব ফেলেছে।
টিকিটের দামে রেকর্ড
যুক্তরাষ্ট্রের অ্যারোহেড স্টেডিয়ামে বসতে যাওয়া সম্ভাব্য এই ম্যাচের টিকিটের দাম ইতোমধ্যে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বাজারে সবচেয়ে সস্তা টিকিটের মূল্য প্রায় ৩ হাজার ৯০০ ডলার। নিচের সারির আসনের টিকিট বিক্রি হচ্ছে ৫ হাজার থেকে ১০ হাজার ডলারে। আর প্রিমিয়াম আসনের দাম ১৩ হাজার ডলার ছাড়িয়ে গেছে। পূর্ণ সূচি প্রকাশের ৭২ ঘণ্টার মধ্যেই আর্জেন্টিনার ম্যাচের টিকিটের দাম প্রায় ১৭৫ শতাংশ বেড়ে যায় বলে জানা গেছে।
ম্যাচ এখনও নিশ্চিত নয়
যদিও এখনও ম্যাচটি নিশ্চিত নয়। তবে আর্জেন্টিনা ও পর্তুগাল উভয় দলই নকআউট পর্বে জায়গা পাওয়ার পথে থাকায় সমর্থকদের মধ্যে আগ্রহ বেড়েই চলেছে।
মেসির দুর্দান্ত ফর্ম
চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন মেসি। প্রথম ম্যাচে হ্যাটট্রিক করার পর দ্বিতীয় ম্যাচেও দুটি গোল করেছেন। এতে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় উঠে গেছেন আর্জেন্টাইন মহাতারকা।
রোনালদোর ঐতিহাসিক কীর্তি
অন্যদিকে শুরুতে ছন্দে না থাকলেও উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে আলোচনায় ফিরেছেন রোনালদো। সেই ম্যাচে গোল করে তিনি বিশ্বকাপের ছয়টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার হিসেবে ইতিহাস গড়েন।
সমর্থকদের হতাশা
ফুটবলপ্রেমীদের অনেকের মতে, মেসি-রোনালদোর সম্ভাব্য এই ম্যাচটি হবে আধুনিক ফুটবলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতার শেষ অধ্যায়। তবে টিকিটের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে হাজার হাজার সমর্থক হয়তো মাঠে বসে নয়, টেলিভিশনের পর্দায়ই দেখতে বাধ্য হবেন সেই বহুল প্রতীক্ষিত মহারণ।



