ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল ম্যাচ
টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে আজ মাঠে নামছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত এই ম্যাচটি এখন ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালে পরিণত হয়েছে। এই ম্যাচ থেকেই নির্ধারিত হবে গ্রুপ-১-এ দক্ষিণ আফ্রিকার পর কারা দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে নাম লেখাবে। সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।
গ্রুপ-১-এর সেমিফাইনাল দৌড়ে চাপের মুখে দুই দল
অন্যদিকে, একই গ্রুপে একমাত্র অপরাজিত দল হিসেবে দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। বিকালে সাড়ে ৩টায় তারা মুখোমুখি হবে বিদায় নিশ্চিত হওয়া জিম্বাবুয়ের। সুপার এইটে ওঠার আগে গ্রুপ ‘এ’ তে দুর্দান্ত ছন্দে ছিল ভারত। চার ম্যাচের সবকটিতেই জয় তুলে নেয় তারা। কিন্তু সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বড় ব্যবধানে হারের পর ভারতের সেমিফাইনাল অনিশ্চয়তার মুখে পড়ে যায়। সেই ধাক্কা সামলে জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়ে আবারও ঘুরে দাঁড়ায় সূর্যকুমার যাদবের দল।
জয়ের বিকল্প নেই ভারতের
দুই পয়েন্ট ও -০.১০০ নেট রান রেট নিয়ে সেমিফাইনালে উঠতে হলে আজ জয়ের বিকল্প নেই ভারতের। জয় পেলে গ্রুপ-১-এ দ্বিতীয় হয়ে গ্রুপ-২-এর শীর্ষ দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনাই বেশি তাদের। দুইবারের টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ বরাবরই তাদের শক্তিশালী পাওয়ার হিটিংয়ের জন্য পরিচিত। গ্রুপ ‘সি’র শীর্ষে থেকে তারা সুপার এইটে এসেছে। কিন্তু সুপার এইটের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটের হার তাদের কিছুটা চাপে ফেললেও সেমিফাইনালের দৌড়ে এখন টিকে আছে।
ওয়েস্ট ইন্ডিজের সামনেও একই লক্ষ্য
দুই পয়েন্ট ও ১.৭৯১ নেট রান রেট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সামনেও একই সমীকরণ—জিতলেই সেমিফাইনাল। সাম্প্রতিক পরিসংখ্যানেও দুই দল সমানে সমান। সর্বশেষ পাঁচ মুখোমুখি লড়াইয়ে তিনটিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, দুটি ভারত। এর মধ্যে চারটি ম্যাচেই জয় এসেছে রান তাড়ায়। তাছাড়া সর্বশেষ শেষ ছয় ম্যাচে দুই দলই জিতেছে পাঁচটি করে। এই ম্যাচটি তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হতে পারে, যেখানে উভয় দলই তাদের সেরা পারফরম্যান্স প্রদর্শনের জন্য প্রস্তুত।
