৪১ বছরেও থামেননি রোনালদো, আল নাসরের জয়ে জোড়া গোল করে নতুন মাইলফলক
এই ফেব্রুয়ারিতেই ৪১তম জন্মবার্ষিকী উদযাপন করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু বয়স বাড়লেও থেমে নেই তাঁর গোল করার ক্ষমতা। সৌদি প্রো লিগে আল নাসরকে শীর্ষে তোলার পথে গতকাল রোববার রাতে আল হাজমের বিপক্ষে জোড়া গোল করেছেন রোনালদো। ম্যাচটি আল নাসর জিতেছে ৪-০ গোলের বড় ব্যবধানে।
নতুন মাইলফলক ছুঁয়েছেন রোনালদো
এই ম্যাচে গোল করার মধ্য দিয়ে রোনালদো একটি নতুন মাইলফলক স্পর্শ করেছেন। তিনি বয়স ৩০ পেরোনোর পর প্রথম ও একমাত্র ফুটবলার হিসেবে ৫০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন। নিজের প্রথম গোলে এই কীর্তি গড়েন রোনালদো, পরে দ্বিতীয় গোলটির মধ্য দিয়ে সেই সংখ্যাকে নিয়ে যান ৫০১-এ।
আল নাসরের হয়ে রোনালদো নিজের প্রথম গোলটি করেন ম্যাচের ১৩ মিনিটে। দারুণ ফিনিশিংয়ে করা গোলটি প্রথমে অফসাইডের কারণে বাতিল করা হলেও পরে ভিএআরে বদলে যায় সিদ্ধান্ত। এরপর ৭৯ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। এই দুই গোলের পর রোনালদোর মোট গোলসংখ্যা এখন ৯৬৪। অর্থাৎ ১০০০ গোলের জাদুকরি মাইলফলক স্পর্শ করতে রোনালদোর প্রয়োজন আর মাত্র ৩৬ গোল।
আল নাসর শীর্ষে উঠল
এই ম্যাচে আল নাসরের হয়ে অন্য গোল করেছেন কিংসলে কোমান ও অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। এ জয়ে আল নাসর সৌদি প্রো লিগের শীর্ষে উঠেছে। ২২ ম্যাচে আল নাসরের পয়েন্ট ৫৫। দ্বিতীয় আল হিলালের পয়েন্ট সমানসংখ্যক ম্যাচে ৫৪, গতকাল রাত আল ইত্তিহাদের সঙ্গে ১-১ গোলে ড্র করে আল হিলাল।
খেলার পর ম্যাচসেরা রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অ্যাকাউন্টে লেখেন, ‘যেখানে আমাদের থাকার কথা, আবার সেখানেই ফিরেছি।’
ট্রাম্পের প্রশংসা ও ভবিষ্যৎ সম্ভাবনা
মাইলফলক স্পর্শ করার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে প্রশংসাবাক্য শুনেছেন রোনালদো। ‘সিআর সেভেন’কে ‘সর্বকালের সেরা’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেছেন, ‘রোনালদো, তুমি সর্বকালের সেরা। আমেরিকা তোমাকে চায়। এভাবেই চালিয়ে যাও—শিগগিরই এখানে তোমাকে দেখতে চাই আমরা।’
আল নাসরের সঙ্গে রোনালদোর বর্তমান চুক্তির মেয়াদ ফুরোবে ২০২৭ সালে। এর আগে সংবাদমাধ্যমে গুঞ্জন উঠেছিল, সৌদি প্রো লিগ ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) কোনো ক্লাবে যোগ দিতে পারেন রোনালদো। ট্রাম্প সেই আশায় রোনালদোকে যুক্তরাষ্ট্রে যেতে বললেন, নাকি বিশ্বকাপ ফুটবল প্রসঙ্গে এ কথা বলেছেন, তা নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এবার বিশ্বকাপ ফুটবলের আয়োজক। আগামী ১১ জুন শুরু হবে এ টুর্নামেন্ট।
তবে রোনালদো এমএলএসের ক্লাবে যোগ দিলে যুক্তরাষ্ট্রের ফুটবলপ্রেমীদের জন্য ব্যাপারটা দারুণ হয়। কারণ, সেখানকার ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন তাঁর একসময়ের চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। রোনালদো সেখানে যোগ দিলে যুক্তরাষ্ট্রের সমর্থকেরা বলতে পারবেন, স্পেনের ফুটবলপ্রেমীরা যে মজা পেয়েছেন, সেটা তাঁরাও পাবেন। কারণ, স্প্যানিশ ফুটবলে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার হয়ে একসময় তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়েছিলেন মেসি ও রোনালদো।
তবে আল নাসরে খারাপ নেই রোনালদো। কিছুদিন আগে সামান্য দ্বন্দ্বের খবর কানে এলেও সেটা সম্ভবত মিটে গেছে। আর সেখানে গোলও পাচ্ছেন ভালোই। সৌদি প্রো লিগের এবারের মৌসুমে ২০ ম্যাচে ২০ গোল করেছেন রোনালদো।
