ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) স্থপতি মোহাম্মদ সিরাজুল ইসলামের প্রধান নগর পরিকল্পনাবিদের অতিরিক্ত দায়িত্ব বাতিল করা হয়েছে। একই সঙ্গে তার নিয়োগকালীন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাসংক্রান্ত কাগজপত্র যাচাইয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১ জুন) ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুটি দপ্তর আদেশে এ তথ্য জানানো হয়।
প্রথম আদেশে যা বলা হয়েছে
এক আদেশে বলা হয়েছে, ডিএসসিসির স্থপতি পদে কর্মরত মোহাম্মদ সিরাজুল ইসলামকে ২০০৪ সালে দেওয়া প্রধান নগর পরিকল্পনাবিদের অতিরিক্ত দায়িত্ব বাতিল করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
দ্বিতীয় আদেশে কমিটি গঠন
অন্য এক আদেশে বলা হয়, মোহাম্মদ সিরাজুল ইসলামের নিয়োগকালীন শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতাসংবলিত কাগজপত্র যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ডিএসসিসির সচিবকে আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও সংস্থার আইন কর্মকর্তা।
তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা
দপ্তর আদেশ অনুযায়ী, কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। ডিএসসিসি জানিয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।



