পাকিস্তান-ভারত ম্যাচ নিশ্চিত, আইসিসির কাছে পাঁচ শর্ত রেখেছে পিসিবি
পাকিস্তান সরকার সোমবার মধ্যরাতে এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, ১৫ তারিখ বহুল প্রতীক্ষিত ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান। যদিও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে এই ম্যাচ খেলতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর কাছে পাঁচটি শর্ত রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আইসিসি মেনে নিয়েছে দুটি শর্ত
পিসিবির রাখা শর্তগুলোর মধ্যে দুটি ছিল বাংলাদেশ সম্পর্কিত। প্রথম শর্তে বলা হয়, বাংলাদেশ না খেলায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কোনো ক্ষতিপূরণ দিবে না। দ্বিতীয় শর্তে উল্লেখ করা হয়, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না পারার ক্ষতি পুষিয়ে নিতে আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করার অনুমতি দিতে হবে। এই দুইটি শর্ত মেনে নিয়ে পরশু রাতেই বিবৃতি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
অবশিষ্ট তিন শর্তের সিদ্ধান্ত অপেক্ষায়
লাহোরে অনুষ্ঠিত বৈঠকে আরও তিনটি শর্তের বিষয়ে সিদ্ধান্ত জানানোর জন্য আইসিসিকে ২৪ ঘণ্টা সময় দিয়েছিল পিসিবি। সময় পেরিয়ে গেলেও শর্তগুলোর বিষয়ে এখনও কিছুই জানায়নি আইসিসি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের দেওয়া সেই তিনটি শর্ত হল:
- ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন
- ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ত্রিদেশীয় সিরিজ আয়োজন
- চলতি বছর ভারতের বাংলাদেশ সফর নিশ্চিত করা
যদিও আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) তে চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফর করার কথা রয়েছে। ২০২৪ সালে নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশ সফর বাতিল করেছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। খুব সম্ভবত আগামী সেপ্টেম্বরে একই পথে হাঁটবে ভারত, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ক্রিকেট মহল।
