ভিএআরের কল্যাণে আর্সেনালের নাটকীয় জয়, শিরোপা লড়াইয়ে বড় ধাপ
ভিএআরের কল্যাণে আর্সেনালের নাটকীয় জয়

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে নাটকীয় এক জয় তুলে নিয়েছে আর্সেনাল। ওয়েস্ট হ্যামের মাঠে যোগ করা সময়ের শেষদিকে গোল হজম করেও শেষ পর্যন্ত ভিএআরের কল্যাণে পয়েন্ট হারানোর বিপদ থেকে রক্ষা পেয়েছে মিকেল আর্তেতার দল। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার গ্যারি নেভিল তো একে প্রিমিয়ার লিগের ইতিহাসে ভিএআরের সবচেয়ে বড় মুহূর্ত হিসেবে ঘোষণা দিয়েছেন।

ম্যাচের নাটকীয়তা

লন্ডন স্টেডিয়ামে ম্যাচের ৯৫ মিনিটে কর্নার থেকে বল পেয়ে জালে জড়ান ক্যালাম উইলসন। তাতে মনে হচ্ছিল, আর্সেনালের হাত ফসকে যাচ্ছে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট। তেমনটা হলে শিরোপা দৌড়ে আবারও এগিয়ে যাবে ম্যানচেস্টার সিটি। কিন্তু গোলের পরপরই প্রতিবাদ শুরু করেন আর্সেনাল খেলোয়াড়রা। নেতৃত্বে ছিলেন গোলরক্ষক ডেভিড রায়া। রিপ্লেতে দেখা যায়, বল ধরতে যাওয়ার সময় ওয়েস্ট হ্যাম ফরোয়ার্ড পাবলোর চাপে রায়ার হাত আটকে যায়। এরপরই বল গিয়ে পৌঁছায় উইলসনের কাছে।

ভিএআরের ভূমিকা

দীর্ঘ সময় পর্যালোচনার পর ভিএআর কর্মকর্তা ড্যারেন ইংল্যান্ড অন-ফিল্ড রেফারি ক্রিস কাভানাহকে মনিটরে গিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার পরামর্শ দেন। পরে গোল বাতিল করেন রেফারি। স্কাই স্পোর্টসে ধারাভাষ্য দিতে গিয়ে গ্যারি নেভিল পরে বলেছেন, ‘প্রিমিয়ার লিগে ভিএআরের ইতিহাসে এটাই সবচেয়ে বড় মুহূর্ত।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জয়ের নায়ক

শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল। ম্যাচের ৮৪ মিনিটে জয়সূচক গোলটি করেছিলেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। নেভিল আরও বলেছেন, ‘আর্সেনাল যদি শেষ পর্যন্ত শিরোপা জেতে, তাহলে এই ম্যাচটাই সবচেয়ে বেশি মনে রাখা হবে। এটি এমন এক ম্যাচ, যা লোককাহিনির অংশ হয়ে যাবে। কারণ, ২২ বছর পর ক্লাবটির প্রথম প্রিমিয়ার লিগ শিরোপার পথে এটি বিশাল এক পদক্ষেপ।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ