আবাহনী ও মোহামেডানের বড় জয়, ডিপিএলে শীর্ষে মোহামেডান
আবাহনী ও মোহামেডানের বড় জয়, ডিপিএলে শীর্ষে মোহামেডান

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বড় জয়ের হাসি ফুটেছে দুই ঐতিহ্যবাহী দল আবাহনী ও মোহামেডানের মুখে। বৃষ্টির কারণে রিজার্ভ ডেতে গড়ানো ম্যাচ দুটিতে নিজেদের সামর্থ্যের প্রমাণ রেখেছে তারা। মোহামেডান ২০০ রানের বিশাল ব্যবধানে রূপগঞ্জ টাইগার্সকে উড়িয়ে দিয়েছে, আর আবাহনী ১৬৬ রানের বড় জয়ে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেয়েছে।

মোহামেডানের রেকর্ড জয়

ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে মোহামেডান নির্ধারিত ওভারে ৬ উইকেটে ৩৪৫ রানের বিশাল সংগ্রহ গড়ে। ওপেনার মোহাম্মদ নাঈম ১৩৬ বলে ৫ চার ও ১২ ছক্কায় ১১তম লিস্ট ‘এ’ সেঞ্চুরি করেন। বড় রান তাড়া করতে নেমে রূপগঞ্জ টাইগার্স ১৬.৫ ওভারে ৫ উইকেটে ৫৩ রান তোলার পর বৃষ্টি নামে। আজ রিজার্ভ ডেতে বাকি ৫ উইকেট তুলতে মোহামেডানের ১৮ ওভার লেগেছে। সব মিলিয়ে ৩৪.৫ ওভার ব্যাট করে ১৪৫ রানে অলআউট হয় রূপগঞ্জ। দলটির পক্ষে সজীব মিয়া ৭৫ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন। মোহামেডানের পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী ৫ উইকেট শিকার করেন, রিশাদ হোসেন নেন ৩ উইকেট।

আবাহনীর প্রথম জয়

পিকেএসপিতে আগে ব্যাট করে আবাহনী ৬ উইকেটে ২৮৩ রান করে। ফিফটি করেন মাহিদুল ইসলাম (১১৩ বলে ৮৩), এস এম মেহেরব হাসান (৭৬ বলে ৭৭) ও মোসাদ্দেক হোসেন (৪০ বলে অপরাজিত ৬২)। রান তাড়ায় ব্রাদার্স ১২ ওভারে ১ উইকেটে ৪৯ রান তোলার পর বৃষ্টি নামে। আজ ব্রাদার্স ভালো শুরু ধরে রাখতে পারেনি; ৩৫.৫ ওভার ব্যাট করে ১১৭ রানে অলআউট হয়ে বড় ব্যবধানে হারে। ওপেনার জাহিদুজ্জামান ৫৮ বলে ৪০ রান করলেও আর কেউ প্রতিরোধ গড়তে পারেনি। আবাহনীর হয়ে খালেদ আহমেদ, রহনাতউদ্দৌলা, রকিবুল হাসান, সৌম্য সরকার ও মাহফুজুর রহমান ২ উইকেট করে নেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিন ম্যাচে এটি আবাহনীর প্রথম জয়। পয়েন্ট তালিকায় তাদের অবস্থান ৭ নম্বরে। অন্যদিকে, তিন ম্যাচের তিনটিতেই জিতে শীর্ষে মোহামেডান। রান রেটে পিছিয়ে থাকায় ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে প্রাইম ব্যাংক।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ