আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদে ছিলেন সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক। বুলবুলের বোর্ড ভেঙে যাওয়ার পর এবার নতুন ভূমিকায় দেখা যাবে তাকে। বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের স্পিন বোলিং কোচ হিসেবে যুক্ত হলেন রাজ্জাক। বিসিবির বিশ্বস্ত একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী মাসে জিম্বাবুয়ে 'এ' দলের বিপক্ষে সিরিজ দিয়েই নিজের কাজ শুরু করবেন রাজ্জাক। ২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রাজ্জাক। এরপর যোগ দেন বিসিবির নির্বাচক প্যানেলে। সেখানে ৪ বছরের বেশি সময় কাজ করেছেন। গেল বছর লেভেল থ্রি কোর্স সম্পন্ন করেছিলেন সাবেক এই টাইগার স্পিনার।
বর্তমানে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের ওপরই এইচপির পরের মৌসুমের জন্য ভরসা রাখতে চায় বিসিবি। পাশাপাশি এইচপি ইউনিটের কোচ হিসেবে থাকছেন সোহেল ইসলাম, তুষার ইমরান, কলি কলিমোর, রাজিন সালেহ ও তালহা জুবায়েররা।



