কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে দাপুটে গতিতে এগোচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিম যুগান্তর। দ্বিতীয় রাউন্ডে তারা ৫-১ গোলে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ প্রতিদিনকে। সহজ এই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন দলটি।
ম্যাচের বিবরণ
মঙ্গলবার (৫ মে) বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে বল দখল, গোলে শট কিংবা পাসিং—কোন বিভাগেই যুগান্তরের সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ প্রতিদিন। খেলার শুরুর দ্বিতীয় মিনিটেই বল জড়ায় জালে। ১৬ মিনিটের খেলায় এরপর আরও চারবার জালে বল জড়ায় যুগান্তর।
প্রথমার্ধের আক্রমণ
ম্যাচের শুরুর দিকে আক্রমণে ওঠা জ্যোতির্ময় মণ্ডলের পাস থেকে বল নিয়ে ডিবক্সে ঢুকে পড়েন দলের অধিনায়ক সাদ্দাম হোসেন ইমরান। ডান পায়ের জোরাল শটে কয়েক সেকেন্ডের মাঝেই বল জড়িয়ে দেন জালে। এরপর প্রথমার্ধে আরও দুবার বাংলাদেশ প্রতিদিনের গোলরক্ষককে পরাস্ত করে যুগান্তর।
যুগান্তরের একের পর এক আক্রমণে দিশেহারা প্রতিপক্ষ যখন ডিফেন্স সামলাতে টালমাটাল তখন দারুণ এক ভলিতে দলের দ্বিতীয় গোল করেন জ্যোতির্ময়। যুগান্তরের পক্ষে তৃতীয় গোলটি আসে অধিনায়ক ইমরানের পা থেকে।
দ্বিতীয়ার্ধের গোল
৩-০ ব্যবধানে বিরতিতে যাওয়া দল আক্রমণের ধার বাড়ায় দ্বিতীয়ার্ধে। শুরুর দুই মিনিটের মাথায় আরেকবার বল জালে জড়ান জ্যোতির্ময়। ডিফেন্স সামলাতে তটস্ত হয়ে থাকা বাংলাদেশ প্রতিদিনের জালে পঞ্চমবারের মতো বল জালে জড়ান মোহাম্মদ রিয়াসাদ আলিম। বড় ব্যবধানের জয় আসার নিশ্চয়তা আসার পর গতি কমিয়ে দেয় টিম যুগান্তর। এই সময়ে একটি গোল শোধ দেয় বাংলাদেশ প্রতিদিন। তবে বড় হার এড়াতে পারেনি।
পরবর্তী প্রতিপক্ষ ও অন্যান্য দল
বর্তমান চ্যাম্পিয়নদের বড় এই জয়ে শেষ আট নিশ্চিত হয়েছে। আগামীকাল বুধবার সেমিফাইনালে ওঠার পথে তাদের বাধা চ্যানেল আই। কোয়ার্টার ফাইনালের ম্যাচটি গড়াবে একই মাঠে সকাল সাড়ে নয়টায়। আজ বাংলাদেশ প্রতিদিনকে গুঁড়িয়ে দেওয়া ম্যাচে সেরা হয়েছেন টিম যুগান্তরের অধিনায়ক সাদ্দাম হোসেন ইমরান।
কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে দৈনিক যুগান্তর ছাড়াও কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে দ্য ডেইলি স্টার, স্টার নিউজ, চ্যানেল আই, দীপ্ত টিভি, ক্রিকফ্রেঞ্জি, দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক কালবেলা। বুধবার হবে কোয়ার্টার-ফাইনালের চার ম্যাচ।



