প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শিশু মৃত্যু ঘটানোর মতো কোনো খারাপ উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না। তবে কেন হামের টিকা দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
টিকা না দেওয়ার ঘটনা তদন্তের উদ্যোগ
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, 'শিশু মৃত্যু ঘটাতে চায়, এরকম কোনো খারাপ উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না বলে আমি মনে করি। তবে এটা নিয়ে আমাদের খতিয়ে দেখা দরকার আছে। আমি মন্ত্রণালয়ে কথা বলেছি। সেই কাজটি হবে, কেন আসলে এ ঘটনাটি ঘটলো।'
সরকারের টিকাদান কর্মসূচির অগ্রগতি
তিনি জানান, সরকারের নেওয়া কার্যক্রমে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি ১ কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে, যা লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ। আগামী কয়েক দিনে শতভাগ লক্ষ্য অর্জন করবে সরকার।
যুক্তরাষ্ট্রের অনুদান ও ইউনিসেফের সহায়তা
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, গত বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ে ২৫০ শয্যার টিবি হাসপাতালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যক্ষ্মা রোগ শনাক্তকরণে ব্যবহৃত ৬ লাখ জিনএক্সপার্ট কার্ট্রিজ ও ১১ হাজার শিশুর জন্য যক্ষ্মা প্রতিরোধী ওষুধ অনুদান হিসেবে পাওয়া গেছে। এ সপ্তাহে ইউনিসেফ ও গ্যাভির সহায়তায় হাম-রুবেলা টিকাদানের জন্য প্রয়োজনীয় আরও ২২ লাখ মিক্সিং সিরিঞ্জ দেশে পৌঁছেছে বলেও জানান তিনি।
সশস্ত্র বাহিনীর মোতায়েন ও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
অন্তর্বর্তী সরকারের সময় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য আইনশৃঙ্খলা রক্ষার কাজে সশস্ত্র বাহিনী মোতায়েন ছিল। অফিসিয়ালি সেটি এখনো উইথড্র হয়েছে বলে জানি না। সেই বিষয়ে কোনো আপডেট আছে কি না বা কতদিন থাকবে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এটা অফিসিয়ালি উইথড্র হয়নি আপনারা জানেন। তবে এটা হয়েছে যে, তাদের যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল, সেটা কিন্তু আর নেই। তার মানে এখন আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করছে।'
জঙ্গিবাদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মতৈক্য
জঙ্গিবাদ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও তার বক্তব্যের মধ্যে খুব বেশি ভিন্নতা নেই বলেও এ সময় দাবি করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।



