২০২৪ সালের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরুর আগে ট্রফি নিয়ে অধিনায়কদের আলোচনা ছিল। তবে এবার শুরুতে অবনমন না রাখার আলোচনা থাকলেও একপর্যায়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, অবনমন থাকবে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, অবনমন থাকলেও রেলিগেশন লিগ থাকছে না।
নতুন পদ্ধতি
এত দিন ডিপিএলে টেবিলের তলানির তিন দল একে অপরের মুখোমুখি হতো, সেখান থেকে অবনমন হতো দুটি দলের, যা রেলিগেশন লিগ নামে পরিচিত ছিল। তবে ৪ মে থেকে শুরু হতে যাওয়া ডিপিএল সিঙ্গেল লিগ পদ্ধতি হওয়ায় তা এবার থাকছে না। সুপার লিগও না রাখার কথা আগেই জানিয়েছিল বিসিবি। ৬৬ ম্যাচের লিগে ১২ দলে একবার করে একে অন্যের মুখোমুখি হবে।
চ্যাম্পিয়ন নির্ধারণ
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি চ্যাম্পিয়ন, দ্বিতীয় দল রানার্স আপ হবে। আর টেবিলের তলানিতে থাকা দুটি দল নেমে যাবে প্রথম বিভাগে। আজ জানানো হয়েছে, ১১ জুন পর্যন্ত হবে ঢাকা লিগের ম্যাচগুলো। প্রতিটি ম্যাচের মাঝখানে দুই দিনের বিরতি থাকবে। প্রথম দিনটি হবে রিজার্ভ ডে।
মাঠ ও সময়সূচি
বিকেএসপির দুটি মাঠ, পিকেএসপি, বসুন্ধরা, ক্রিকেটার্স একাডেমি ও ইউল্যাবে হবে বেশির ভাগ ম্যাচ। আন্তর্জাতিক ব্যস্ততা না থাকলে খেলা হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও।



