গুজরাট টাইটান্সের পেসার কাগিসো রাবাদাকে টানা ৫ চার মেরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে দুর্দান্ত শুরু এনে দেন বিরাট কোহলি। তবে শুরুর এই ছন্দ ধরে রাখতে পারেনি বর্তমান চ্যাম্পিয়ন। ম্যাচের শেষ হাসি হেসেছে গুজরাট। ৪ উইকেটে হেরে মাঠ ছাড়তে হয়েছে বেঙ্গালুরুকে।
ম্যাচের বিবরণ
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে কোহলি ও দেবদূত পাদিক্কাল ছাড়া আর কেউ তেমন ভালো করতে পারেনি। পাদিক্কাল ২৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪০ এবং কোহলি ১৩ বলে ৫ চার ও এক ছক্কায় ২৮ রান করেন।
কোহলির কীর্তি
ইনিংসের দ্বিতীয় ওভারে টানা ৫ চারে কীর্তি গড়েছেন কোহলি। রাবাদার করা প্রথম বল লেগ সাইড দিয়ে সীমানাছাড়া, পরের চার বলেই চার অফসাইড দিয়ে। এক ওভারে পাঁচটি বাউন্ডারি মেরে কোহলি নাম লেখালেন ক্রিস গেইল ও শেন ওয়াটসনের পাশে। যদিও তাদের কেউই ভারতীয় এই তারকার মতো টানা পাঁচ চার পাননি। তবে গড়েছেন এক ওভারে ৫ বাউন্ডারির কীর্তি।
ব্যাটিং ধস
তবে এমন শুরুর পর সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বেঙ্গালুরু। এতে ৪ বল বাকী থাকতে ১৫৫ রানে গুটিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। গুজরাটের হয়ে আরশাদ খান ৩, জেসন হোল্ডার ও রশিদ খান ২টি করে উইকেট শিকার করেন।
গুজরাটের জয়
লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটির ৪২ রানের মধ্যে কেবল ৬ রানের অবদান রেখে ফেরেন সাই সুদর্শন। অধিনায়ক গিলও অবশ্য অল্প সময়ের ব্যবধানে সাজঘরে ফিরে যান।১৮ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৩ করেন তিনি।
এরপর জস বাটলার ১৯ বলে ২ চার ও ৪ ছক্কায় ৩৯ এবং রাহুল তেওয়াতিয়া ১৭ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস খেললে ২৫ বল হাতে রেখেই ৪ উইকেটে জয় নিশ্চিত হয় গুজরাটের।
পয়েন্ট টেবিল
নবম ম্যাচে এটি তাদের পঞ্চম জয়, ১০ পয়েন্ট নিয়ে গিলের দল টেবিলের ৫–এ অবস্থান করছে। অন্যদিকে, ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে বেঙ্গালুরু।



