হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আশরাফ হাকিমি কয়েক সপ্তাহের জন্য মাঠ থেকে ছিটকে গেছেন বলে নিশ্চিত করেছে পিএসজি। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৫-৪ গোলের রোমাঞ্চকর ম্যাচে হাকিমি চোটে পড়েন।
ম্যাচের শেষভাগে চোট
মঙ্গলবার (২৮ এপ্রিল) পার্ক ডি প্রিন্সেসে ম্যাচের শেষভাগে হাকিমি ইনজুরিতে পড়েন। ৮০ মিনিটে কোনার্ড লেইমারের সঙ্গে সংঘর্ষে তিনি আঘাত পান। যে কারণে ম্যাচের বাকি সময় তার খেলা চালিয়ে যাওয়া কষ্টকর হয়ে পড়ে। মরক্কোর এই ডিফেন্ডার আগামী বুধবার মিউনিখে ফিরতি ম্যাচে আর খেলতে পারছেন না।
পিএসজির বিবৃতি
এক বিবৃতিতে পিএসজি জানিয়েছে, ‘বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে সেমিফাইনালের ম্যাচের প্রথম লেগে তার ডান উরুতে আঘাত লাগে। এ কারণে আগামী কয়েক সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে।’ গত বছর ব্যালন ডি’অর ভোটে ষষ্ঠ স্থানে থাকা হাকিমিকে নিয়ে এবারের বিশ্বকাপেও মরক্কো নিজেদের প্রমাণে মুখিয়ে আছে।
২০২২ সালের সর্বশেষ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা মরক্কো সেমিফাইনালে খেলেছিল। আগামী ১৩ জুন ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে মরক্কো।



