পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে দর্শকশূন্য গ্যালারিতে শেষ হওয়ার পথে থাকলেও শেষ মুহূর্তে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ফ্র্যাঞ্চাইজি মালিকদের বিরোধিতা সত্ত্বেও প্রথম দিকে শুধু ফাইনাল ম্যাচে দর্শকদের মাঠে গিয়ে খেলা দেখার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্লে-অফের আরও তিনটি ম্যাচেও দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। ফলে ফাইনালসহ মোট চারটি ম্যাচে দর্শক উপস্থিতি থাকবে।
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সিদ্ধান্ত পরিবর্তন
পিএসএল চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আলোচনার পর এই অনুমতি পাওয়া গেছে। তবে ব্যয় সাশ্রয়ের অংশ হিসেবে দর্শকদের গণপরিবহন ব্যবহার বা কম জ্বালানিতে যাতায়াত করতে উৎসাহিত করা হয়েছে।
ভেন্যু ও ম্যাচ সূচি
চলমান আসরে শুরুতে ৬টি ভেন্যুতে ৪৪টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও নিরাপত্তা ও জ্বালানি সংকটের কারণে পরে তা কমিয়ে লাহোর ও করাচিতে সীমাবদ্ধ করা হয়। এমনকি প্রথমে সব ম্যাচই দর্শকশূন্য রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবারের প্লে-অফ পর্ব শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড ও পেশোয়ার জালমি। বাকি ম্যাচগুলো লাহোরে অনুষ্ঠিত হবে এবং ৩ এপ্রিল ফাইনালের মাধ্যমে টুর্নামেন্টের পর্দা নামবে।



