বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নাম এখনো আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বোর্ড পরিচালকদের তালিকায় রয়ে গেছে। গত ৭ এপ্রিল বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) একটি অ্যাডহক কমিটি গঠন করে। এরপর তামিম ইকবালকে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হলেও সেই পরিবর্তনের প্রতিফলন এখনো আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটে দেখা যায়নি।
আইসিসির তালিকায় মিশ্র তথ্য
আইসিসির তালিকায় এখনো বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড প্রধানদের পুরোনো ও নতুন নাম মিশ্রভাবে দেখা যাচ্ছে। অস্ট্রেলিয়া, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও পাকিস্তানের প্রতিনিধিদের নাম থাকলেও অনেক ক্ষেত্রেই তথ্য হালনাগাদ হয়নি। শুধু বিসিবিই নয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান পরিবর্তন হলেও তথ্য হালনাগাদ করেনি আইসিসি। নেতৃত্ব পরিবর্তন হলেও আইসিসির বোর্ড পরিচালকের তালিকায় এখনো পুরোনো নাম রয়ে গেছে।
বিসিসিআইয়ের ক্ষেত্রেও একই চিত্র
মিঠুন মানহাস বিসিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্ট হলেও আইসিসির বোর্ড পরিচালকদের তালিকায় আছেন দেবজিত সাইকিয়া ও রজার বিনি। অথচ বর্তমান চেয়ারম্যান জয় শাহ, প্রধান নির্বাহী সংযোগ গুপ্তা এবং ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার নাম দেখা গেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ওয়েবসাইটে। সব মিলিয়ে, সদস্য দেশগুলোর ক্রিকেট প্রশাসনে পরিবর্তন এলেও আইসিসির বোর্ড পরিচালকের তালিকা এখনো পুরোপুরি আপডেট হয়নি।



