ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করে নির্বাচকদের নজর কাড়েন আব্দুল গাফফার সাকলাইন। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছেন তিনি। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও জ্বলে উঠতে পারেন তরুণ এই ক্রিকেটার। তাই সাকলাইনকে অলরাউন্ডার স্বীকৃতি দিয়েছেন অধিনায়ক লিটন দাস।
সংবাদ সম্মেলনে লিটন
রোববার (২৬ এপ্রিল) কিউইদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ অধিনায়ক লিটন। এ সময় সাকলাইনকে নিয়ে তিনি বলেন, ‘সাকলাইনকে আমি আমার দৃষ্টিতে একজন অলরাউন্ডার হিসেবে দেখি। হয়তো আপনি কোন ফরম্যাটের কথা বলছেন জানি না, তবে এখন ফরম্যাট টি-টোয়েন্টি। আমার আশা, সে বিপিএলে রাজশাহীর হয়ে খুব ভালো খেলেছে। সেখান থেকেই সে নজর কেড়েছে। তাই চেষ্টা করব তাকে এখানে ধীরে ধীরে গড়ে তোলার, দলের সঙ্গে রেখে এমন পর্যায়ে নেওয়ার যেন আমরা তাকে খেলাতে পারি এবং সে আমাদের প্রতিদান দিতে পারে।’
ব্যাটিং গভীরতা প্রসঙ্গে
এছাড়া দলের ব্যাটিং গভীরতা নিয়ে লিটন বলেন, ‘আপনি যদি দেখেন সামগ্রিকভাবে এই দলে, বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে, যে পাঁচজনকে আমরা টেলএন্ডার হিসেবে ধরছি, পাঁচ পেস বোলারের মধ্যে তিনজনই খুব ভালো ব্যাটিং করতে পারে। শুধু যদি শরীফুল এবং রিপন মন্ডলকে ধরি, তাহলে হয়তো তারা খুব ভালো ব্যাটসম্যান না, কিন্তু টুকটাক পাঁচ-ছয় রান করে দিতে পারবে।’ বোলারদের কাছ থেকে ব্যাটিং সুবিধা পেলে উপরের ব্যাটারদের জন্য সহায়ক হবে বলে মনে করেন লিটন। তিনি বলেন, ‘আপনি দেখবেন যে বড় বড় টিমগুলোর ডেপথ অনেক। নয় নম্বর পর্যন্ত ব্যাটিং পারে। তো ওই ডেপথটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে মনে হয় আমাদের ব্যাটসম্যানরা উপর থেকে আরও স্বাধীনভাবে খেলতে পারবে।’



