নিউজিল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। লিটন, শান্ত, মিরাজ, মোস্তাফিজরা সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। ওয়ানডে সিরিজের পর এবার টাইগারদের লক্ষ্য টি-টোয়েন্টি সিরিজ জয়। সেই লক্ষ্যে আগামী ২৭ এপ্রিল প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে দুই দল। ওয়ানডে সিরিজের পর গতকাল আনুষ্ঠানিক অনুশীলন করেনি কোনো দল। টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে আজ থেকে প্রস্তুতি শুরু করবে দুই দল।
নাফিস ইকবালের বক্তব্য
গতকাল সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজকে বড় অর্জন হিসেবে দেখছেন তিনি। বলেন, 'প্রথম ম্যাচ হারের পর যেভাবে আমরা ফিরে এসে সিরিজ জিতেছি, সেটা ছিল অনআউট পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর মতো। তার ওপর তিন ম্যাচই টস হেরে সেই জায়গা থেকে জেতা, এটা সত্যিই বড় অর্জন।'
তার মতে, পুরো সিরিজেই দুর্দান্ত ছিল বাংলাদেশ। টাইগারদের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন ডিপার্টমেন্টের পারফরম্যান্সে খুশি তিনি। বলেন, 'নিউজিল্যান্ডের বিপক্ষে এই ওডিআই সিরিজে তিন ডিপার্টমেন্টেই আমরা দারুণ করেছি। ব্যাটিং ছিল অসাধারণ। তানজিদ তামিমের ফ্ললেস ইনিংস, লিটন-শান্তের ম্যাচিউর ব্যাটিংয়ের পাশাপাশি হৃদয়ও পুরো সিরিজে খুব ভালো খেলেছে এবং গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। কঠিন পরিস্থিতি থেকে দলকে বের করে আনার এই মানসিকতা ছিল দারুণ।'
বোলিং ও ফিল্ডিংয়ের প্রশংসা
এছাড়াও বোলারদের নিয়ে আলাদা করে তিনি বলেন, 'ফাস্ট বোলিং ইউনিট পুরো সিরিজে দুর্দান্ত ছিল। আর স্পিনাররাও চ্যালেঞ্জিং উইকেটে ভালোভাবে মানিয়ে নিচ্ছে। ফিল্ডিংয়ে আমরা বিশ্বের সেরা দলগুলোর একটি। নিউজিল্যান্ডের সঙ্গে সমানতালে লড়েছি।'
ট্রফি হস্তান্তর নিয়ে মন্তব্য
ওয়ানডে সিরিজ জয়ের পর অনেকেই ভেবেছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল অধিনায়ক মেহেদী হাসান মিরাজের হাতে ট্রফি তুলে দেবেন। তবে সেটা না করে সাবেক অধিনায়ক মোহাম্মদ শফিক-উল-হক হীরা মিরাজের হাতে সিরিজের ট্রফি তুলে দিয়েছেন। এই বিষয়ে নাফিস বলেন, 'প্রাইজ সেরেমনিতে সাবেক অধিনায়ক হীরা ভাইয়ের হাত থেকে ট্রফি নেওয়া ছিল দারুণ একটা মুহূর্ত। এই উদ্যোগের জন্য বিসিবিকে ধন্যবাদ। এই ধরনের সম্মান ভবিষ্যতেও চলবে বলে আশা করি।'
দর্শকদের প্রতি কৃতজ্ঞতা
সেসঙ্গে তীব্র গরমের মধ্যেও মাঠে বসে খেলা দেখতে আসা দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। বলেন, 'বিশেষ ধন্যবাদ আমাদের দর্শকদের এই গরমে এবং কঠিন সময়ে স্টেডিয়ামে এসে যেভাবে সমর্থন দিয়েছেন। আমরা সত্যিই কৃতজ্ঞ।'



