ফিফার পুনঃবিক্রয় সাইটে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের চারটি টিকিট বিক্রির জন্য রাখা হয়েছে, যার প্রতিটির মূল্য প্রায় ২৩ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এই টিকিটগুলোর দাম সব মিলিয়ে ২৮ কোটি ২২ লাখ টাকা। এমন খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।
মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল
নিউজার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে আগামী ১৯ জুলাই বসবে বিশ্বকাপ ফাইনালের আসর। এই ফাইনালের জন্য ২৩ লাখ ডলারের টিকিটগুলোর আসন ৪৫ নম্বর সারির ১২৪ নম্বর ব্লকে ৩৩ থেকে ৩৬ পর্যন্ত।
ফিফার নিয়ন্ত্রণ ও ফি
মূল টিকিটের দাম নিয়ন্ত্রণে রাখতে পারলেও ফিফার রিসেল বা এক্সচেঞ্জ মার্কেটপ্লেসে দাম নির্ধারণ নিয়ন্ত্রণ করতে পারে না ফিফা। তবে প্রত্যেক টিকিটের জন্য ক্রেতার কাছ থেকে ১৫ শতাংশ এবং বিক্রেতার কাছ থেকে ১৫ শতাংশ ফি পাবে। সেক্ষেত্রে এই টিকিট বিক্রি হলে একটি বড় অংশ যাবে ফিফার পকেটেই।
আনুষ্ঠানিক টিকিটের দামও বেশি
আনুষ্ঠানিকভাবেও আসছে বিশ্বকাপের টিকিটের দাম কম হবে না। ২০২২ বিশ্বকাপের তুলনায় অন্তত চার গুণ বেশি দামে কিনতে হবে টিকিট, এই খবর জানা গিয়েছিল আগেই। বিশ্বকাপের ফাইনালে পরিস্থিতি কঠিনই। টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ১০ হাজার ৯২৩ ডলার, যা বাংলাদেশি অর্থে প্রায় ১৩ লাখ টাকা।



