বিপর্যয়ের মুখে নাজমুলের অসাধারণ সেঞ্চুরি, দীর্ঘ অপেক্ষার অবসান
বিপর্যয়ের মুখে নাজমুলের অসাধারণ সেঞ্চুরি

বিপর্যয়ের মুখে দারুণ এক সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। ২০ ইনিংস আর ২৫ মাস—নাজমুল হোসেনের অপেক্ষা ছিল এতটাই লম্বা। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আজ যখন তা শেষ হলো, স্বস্তির সেই বাতাসটা টের পাওয়া গেল তাঁর উদ্‌যাপনেও।

দীর্ঘ অপেক্ষার অবসান

দৌড়ে এক রান নিয়ে ৯৯ থেকে সেঞ্চুরিতে পৌঁছান নাজমুল। ক্রিজের সাদা দাগটা ছুয়ে তাকালেন আকাশে, হেলমেট খুললেন, সেঞ্চুরি করলে তাঁর চিরচেনা উদ্‌যাপন ব্যাটে চুমু খেয়ে ড্রেসিংরুমের দিকে বাড়িয়ে দেওয়া—নাজমুল করেছেন তা–ও। তবে সবকিছুতেই ছিল একটা ধীর লয়, দীর্ঘ একটা অপেক্ষা শেষ হওয়ার স্বস্তিও।

ম্যাচের গুরুত্ব

আজকের ইনিংসও গড়েও তুলেছেন এভাবেই। নিউজিল্যান্ডের বিপক্ষে সমতায় থাকা সিরিজে আজকের ম্যাচটা একরকম ফাইনালই। বাংলাদেশের জন্য সিরিজ জয়টা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ আটে থেকে বিশ্বকাপ খেলার চ্যালেঞ্জের কারণে। অথচ এমন ম্যাচেই কিনা ৩২ রানেই নেই বাংলাদেশের ৩ উইকেট!

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নাজমুলের ইনিংস গড়ার কৌশল

সেখান থেকে যেভাবে ইনিংসটা গড়ে তোলার দরকার, নাজমুল করেছেন তা–ই। চতুর্থ উইকেটে লিটন দাসের সঙ্গে জুটি বেঁধে ইনিংসটা টেনে তিনি এমন জায়গায় নিয়ে গেছেন, যেখান থেকে অন্তত লড়াইটা করতে পারার কথা বাংলাদেশের। নাজমুল কাল প্রথম পঞ্চাশ রান করতেই যেমন নিয়েছেন ৭০ বল। তখনো সুযোগমতো বাউন্ডারি আর বাকি সময়ে ভর করেছিলেন সিঙ্গেলস আর ডাবলসের ওপর। সুযোগমতো ব্যাটও চালিয়েছেন। পরের পঞ্চাশ রান করতে তাঁর লেগেছে ৪৪ বল।

লিটনের সঙ্গে জুটি

লিটনের সঙ্গে ১৬০ রানের অসাধারণ এক জুটি গড়েছেন নাজমুল। সেঞ্চুরিতে পৌঁছে একটা চক্রও পূরণ হয়েছে নাজমুলের। ২০২৪ সালের মার্চে এই মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে ছিল তাঁর সর্বশেষ ওয়ানডে সেঞ্চুরি। এবার একই মাঠে তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি পেলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অধিনায়কত্ব হারানোর পর ফর্মে ফেরা

গত বছর হুট করে নাজমুলের কাছ থেকে কেড়ে নেওয়া হয় ওয়ানডে অধিনায়কত্ব। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে তাঁর ব্যাটিং গড় ছিল ৫১.২৭। তবে নেতৃত্ব ছাড়ার পরই যেন ব্যাটের ছন্দটাও হারিয়ে ফেলেন নাজমুল। এই ম্যাচের আগে ওয়ানডেতে ১৪ ইনিংসে তাঁর ফিফটি ছিল মাত্র একটি, ব্যাটিং গড়টাও নেমে এসেছিল ১৮.৭৬–তে। এ নিয়ে দুশ্চিন্তা বাড়ছিল দলেরও। আগের ম্যাচে ফিফটি পাওয়ার পর তা কিছুটা কমেছিল।

ত্রাতা হিসেবে নাজমুল

আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে তিনি পেলেন সেঞ্চুরিও, দলের বিপদের সময় হলেন ত্রাতাও। লিটনের সঙ্গে ১৭৮ বলে ১৬০ রানের জুটিতে বাংলাদেশ পেয়েছে বড় রানের ভিত, নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি এটি। ৯১ বলে ৭৬ রান করে লিটন থেমে গিয়েছিলেন নাজমুলের সেঞ্চুরির আগেই। তিন অঙ্কে পৌঁছানো নাজমুলও ১১৯ বলে ১০৫ রান করে আউট হয়ে গেছেন।