মন্থর ওভার রেটের জন্য বাংলাদেশ দলকে জরিমানা করল আইসিসি
মন্থর ওভার রেটের জন্য বাংলাদেশ দলকে জরিমানা

মন্থর ওভার রেটের কারণে বাংলাদেশ ক্রিকেট দলকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের চেয়ে ২ ওভার কম বোলিং করায় এই জরিমানা করা হয়।

ম্যাচের সময়সূচি ও বিলম্ব

ম্যাচের প্রথম বল হয় বেলা এগারোটায়। ৫০ ওভারের ইনিংস শেষ হওয়ার কথা ছিল আড়াইটায়। কিন্তু প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ডের ইনিংস আড়াইটার মধ্যে শেষ হয়নি। নির্ধারিত সময়ের পৌনে এক ঘণ্টা পর সোয়া ৩টায় শেষ হয় কিউই ইনিংস। তাও ৪৮.৪ ওভারে অলআউট না হলে সময় আরও বেশি লাগত।

জরিমানার কারণ

আইসিসি জানিয়েছে, সময়ের সব ছাড় বিবেচনায় নেওয়ার পরও দেখা যায়, বাংলাদেশ দল নির্ধারিত সময়ের চেয়ে ২ ওভার পিছিয়ে ছিল। মাঠের আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার নীতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল বাংলাদেশ দলের বিরুদ্ধে মন্থর ওভার রেটের অভিযোগ আনেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শাস্তির বিবরণ

আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। ম্যাচ শেষে অধিনায়ক মিরাজ অপরাধ স্বীকার করে শাস্তির প্রস্তাব মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট আইসিসি কোড অব কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী এই জরিমানার আদেশ দেন।

বিলম্বের কারণ

গরমের মধ্যে চলা বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দুই ম্যাচেই প্রথম ইনিংস শেষ হতে নির্ধারিত সময়ের চেয়ে বেশি লেগেছে। গরমের কারণে একাধিক পানি পানের বিরতি, খেলোয়াড়দের ছোটখাটো চোটের কারণে অস্বস্তি আর পেসারদের দিয়ে বেশি বোলিংয়ের কারণে বিলম্বটা বেশি হয়েছে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বোলিং শেষ হয়েছে নির্ধারিত সময়ের অনেক পরে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ