আলেকজান্ডার জাভেরেভ বলেছেন, তিনি আশা করছেন ফ্রেঞ্চ ওপেনে তার প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জয় বড় মঞ্চে আরও বড় শিরোপা জেতার পথ খুলে দেবে। রোববার রোলাঁ গ্যারোসের ফাইনালে ফ্লাভিও কোবোলিকে ৬-১, ৪-৬, ৬-৪, ৬-৭ (৫/৭), ৬-১ ব্যবধানে হারিয়ে চতুর্থ চেষ্টায় গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন জাভেরেভ।
২০২০ সালের ইউএস ওপেন, ২০২৪ সালের রোলাঁ গ্যারোস এবং গত বছরের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হৃদয়বিদারক পরাজয়ের পর জাভেরেভকে অনেকেই গ্র্যান্ড স্লাম না-জেতা সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করতেন। ২৯ বছর বয়সী এই তারকা মজা করে বলেছেন, এখন কেউ যদি তাকে 'গ্র্যান্ড স্লাম জেতা সবচেয়ে খারাপ খেলোয়াড়' মনে করে তবে সেটা 'ঠিক আছে' এবং তিনি 'সেদিকে ভ্রুক্ষেপ করেন না'।
জাভেরেভ আরও বলেন, 'এখন যা-ই ঘটুক না কেন, আমি সবসময় গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন হব এবং কেউ সেটা আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। সত্যি বলতে, আমি ইতিমধ্যে কিছুটা মাতাল হয়ে গেছি, তাই আমি স্বাভাবিকের চেয়ে একটু বেশি পুনরাবৃত্তি করছি। আমি শুধু এই ট্রফির পাশে বসে থাকতে পেরে খুশি।'
আত্মবিশ্বাস বাড়াল এই ট্রফি
টোকিও অলিম্পিকের স্বর্ণপদকজয়ী জাভেরেভ বলেছেন, কুপ দে মুসকেতেরস তার দখলে থাকায় ভবিষ্যতে টেনিসের সবচেয়ে বড় শিরোপা জেতার চেষ্টা মানসিকভাবে অনেক কম বোঝা হয়ে দাঁড়াবে। তিনি বলেন, 'নিশ্চিতভাবেই এই ট্রফি আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেয়। এটি আমাকে কিছু স্বাধীনতা দেয়। যখন আমি ফাইনাল খেলি তখন আমার মন হয়তো একটু শান্ত থাকবে, মানে আমি হারলেও এখনও গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন থাকব।'
জাভেরেভ মনে করেন, 'আমার জন্য এই ট্রফি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি যদি এটি হারাতাম, তাহলে আত্মবিশ্বাস অনেক কমে যেত। কিন্তু এখন যেহেতু আমি জিতেছি, আমি অনুভব করছি যে আমি আবারও এটি করতে পারব।'
ফাইনালে মানসিক চাপ
তবে জাভেরেভ স্বীকার করেছেন, টুর্নামেন্টের বেশিরভাগ সময় শান্তভাবে ফেবারিটের তকমা বহন করলেও বিশ্বের ১৪ নম্বর কোবোলির বিরুদ্ধে ফাইনালে সেই চাপ তাকে বিচলিত করেছিল। তিনি বলেন, 'আমি আজ খুবই টাইট ছিলাম। সত্যি বলতে, গত দুই সপ্তাহ আমি খুব ভালোভাবে সামলেছি, কারণ জানিক (সিনার) এবং নোভাক (জোকোভিচ) তাড়াতাড়ি ছিটকে যাওয়ার পরও আমি সংযত ও শান্ত থাকতে পেরেছি। কিন্তু আজ আমি মনে করি ভালোভাবে সামলাতে পারিনি।'
জাভেরেভ ম্যাচ চলাকালে 'মানসিক ক্র্যাম্পে' ভোগার কথা জানান, কিন্তু শেষ পর্যন্ত ফিলিপ শাত্রিয়ে কোর্টে ৪ ঘণ্টা ১৬ মিনিটের লড়াইয়ে জয় পেতে তাতে সহায়তাই পেয়েছেন। তিনি ব্যাখ্যা করেন, 'আমি অনেক বেশি নার্ভাস ছিলাম, যা কিছু পর্যায়ে মানবিকও বটে। এই কারণেই আমি বলি যে ক্র্যাম্প কোনোভাবে আমাকে সাহায্য করেছে, কারণ আমার মন ছেড়ে দিয়েছে। আমি আরও ফ্রিতে সুইং করতে শুরু করি, বল আরও আক্রমণাত্মকভাবে মারতে শুরু করি। সবকিছুই ক্র্যাম্পের কারণে হয়েছে। আমি আর টাইট থাকায় ফোকাস করতে পারিনি, আমাকে ছেড়ে দিতে হয়েছিল। সেজন্যই আমি পঞ্চম সেটটা সেভাবে খেলেছি।'



