শেষ পর্যন্ত সিরিজ জিতল পাকিস্তানই। লো স্কোরিং এই সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান। লাহোরে ১৫৭ রান তাড়ায় ১১২ রানেই ৬ উইকেট হারিয়েছিল শাহিন আফ্রিদির দল। তবে শাদাব খানের ২৯ রানের ইনিংসে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে জয়ের হাসি নিয়েই মাঠ ছেড়েছে তারা। তাতে ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে পাকিস্তান।
বোলিং সহায়ক উইকেটে পাকিস্তানের জয়
বোলিং সহায়ক উইকেটে ১৫৮ রানের লক্ষ্য ছুঁতে পাকিস্তানের লেগেছে ৪১.৫ ওভার। দলীয় ২৭ রানে সাহিবজাদা ফারহানকে হারানোর পর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে গেছে দলটি। সর্বোচ্চ ৪০ রান এসেছে বাবর আজমের ব্যাট থেকে। শাদাবের পাশাপাশি আবদুল সামাদও কৃতিত্ব পাবেন। অপরাজিত ছিলেন ১৮ রানে। সপ্তম উইকেট জুটিতে দুজনে মিলে গড়েছেন অবিচ্ছিন্ন ৪৯ রানের জুটি।
বোলারদের দারুণ পারফরম্যান্স
বল হাতে নিজেদের কাজটা করেছেন পাকিস্তানের বোলাররাও। পাকিস্তানের মাটিতে ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিয়েছে তাদের সর্বনিম্ন রানে। টসে জিতে ব্যাটিং নেওয়া অস্ট্রেলিয়া আজও উইকেট হারিয়েছে শূন্য রানে। শাহিন আফ্রিদির করা ইনিংসের দ্বিতীয় বলেই আউট হয়েছেন ম্যাথু শর্ট। এরপর অধিনায়ক জশ ইংলিস ও মারনাস লাবুশেন গড়েন ৪৬ রানের জুটি। তবে ১৯ রানে লাবুশেন রানআউট হলে ভাঙে সেই জুটি। এরপর অ্যালেক্স ক্যারির সঙ্গে ৫২ রানের জুটি গড়েন ইংলিস।
একপর্যায়ে অস্ট্রেলিয়ার রান ছিল ২ উইকেটে ৯৮। সেই অস্ট্রেলিয়াই ১৩৭ রানে হারায় ৮ উইকেট। মূলত দলীয় ১১৯ রানে ইংলিস আফ্রিদির বলে ৬৫ রানে আউট হলে অস্ট্রেলিয়ার ব্যাটিং ধসে পড়ে। দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছিল ওই লাবুশেন ও ক্যারির ব্যাট থেকেই। ৩ উইকেট নিয়েছেন আফ্রিদি। ২টি করে উইকেট নিয়েছেন আবরার আহমেদ ও শাদাব খান।



