সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছে না পাকিস্তান ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। দলের এমন ব্যর্থতার জন্য ক্রিকেটের কাঠামোগত দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ক্রিকেটার ও নির্বাচক হারুন রশিদ।
পাকিস্তানের হয়ে ২৩টি টেস্ট ও ১২টি ওয়ানডে খেলা হারুন রশিদ বলেন, 'আপনি যখন কোনো সংস্করণে একজন অধিনায়ক নিয়োগ দেন, তখন নিশ্চয়ই অনেক চিন্তা-ভাবনা করেই তা করেন। তাহলে কীভাবে আপনি বারবার অধিনায়ক বদলান? এতে পাকিস্তান দল কীভাবে ধারাবাহিক ও স্থিতিশীল হবে?'
তিনি আরও বলেন, 'পাকিস্তান ক্রিকেটে অনেক কিছু ঠিক করার প্রয়োজন আছে। নইলে আমরা আরও পিছিয়ে পড়ব। কারণ আমরা তরুণ প্রতিভাদের সঠিকভাবে গড়ে তুলতে পারছি না, আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রয়োজনীয় কোচিং ও অভিজ্ঞতাও তাদের দিতে পারছি না।'
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এ প্রসঙ্গে পাকিস্তানের কোচ সরফরাজ আহমেদ ক্রিকেটারদের দোষারোপ করে বলেছেন, 'আমাদের খেলা দেখেই বোঝা গিয়েছে, সকলে নিজেদের জন্য খেলেছে। দলকে জেতানোর কথা কারও মাথায় ছিল না। কিন্তু সকলে ভুলে গিয়েছে, এভাবে খেললে নিজেদেরও কোনও উন্নতি হয় না। দলও জেতে না। বাকি দলগুলোর দিকে তাকাতে হবে। সকলে সামনের দিকে এগোচ্ছে। আমরা পিছনের দিকে যাচ্ছি।'
অধিনায়ক শান মাসুদের উপর ক্ষুব্ধ সরফরাজ। মাসুদের অধিনায়কত্বে অনেক সমস্যা খুঁজে পেয়েছেন তিনি। বাংলাদেশের দুই তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহমান ও লিটন দাস সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেন। অথচ তারা আউট হলেও পাকিস্তানের অধিনায়ক রিভিউ না নেওয়ায় হতাশ হন কোচ।



