সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালকসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের র্যাব-১২ প্রধান কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার বিবরণ
স্থানীয়রা জানান, সিএনজিটি হাটিকুমরুল এলাকা থেকে দুজন যাত্রী নিয়ে তাড়াশের দিকে যাচ্ছিল। র্যাব অফিস এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায় এবং চালকসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তিনজনকেই মৃত ঘোষণা করেন।
পুলিশের বক্তব্য
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, নিহত তিনজনই পুরুষ। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



