৮৮ বলে ২৪৭ রান! ইংলিশ ক্লাব ক্রিকেটে ম্যাথু ডি ভিলিয়ার্সের তাণ্ডব
৮৮ বলে ২৪৭ রান! ইংলিশ ক্লাব ক্রিকেটে ডি ভিলিয়ার্সের তাণ্ডব

টি-টোয়েন্টি যুগে ব্যাটারদের দাপটে নিয়মিতই রানের রেকর্ড ভাঙছে। এবার ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটে দেখা গেল আরেক বিস্ময়কর ইনিংস। নর্দান প্রিমিয়ার ক্রিকেট লিগের (এনপিসিএল) ৪০ ওভারের এক ম্যাচে দক্ষিণ আফ্রিকার ব্যাটার ম্যাথু ডি ভিলিয়ার্স খেলেছেন ৮৮ বলে ২৪৭ রানের দুর্দান্ত ইনিংস। নিজের ঝড়ো ইনিংসে তিনি হাঁকান ২২টি ছক্কা ও ২৩টি চার। তার চার-ছক্কার বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে লংরিজ ক্রিকেট ক্লাব তোলে ৪৪৭ রান। দলের হয়ে আরও ফিফটি করেন জশুয়া মুলিন, রিচস মরগান ও রব হলিংরাস্ট। জবাবে ওয়েলি ক্রিকেট ক্লাব মাত্র ১১২ রানে অলআউট হয়ে যায়। ফলে ৩৩৫ রানের বিশাল জয় পায় লংরিজ। বল হাতেও অবদান রাখেন হোয়াইটহেড, তিনি নেন ৪ উইকেট। এছাড়া উইকেটরক্ষক হিসেবে ডি ভিলিয়ার্স নেন ২টি ক্যাচ। দিন ৩৬তম ওভারে জশুয়া ডেনরিথের ছয় বলে ছয়টি ছক্কা হাঁকান ডি ভিলিয়ার্স। পরের ওভারে ক্যাচ দিয়ে বিদায় নেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। এনপিসিএল স্বীকৃত কোনো টুর্নামেন্ট নয়। তাই রেকর্ড বইয়ে তার নামের পাশে থাকবে না ২৪৭ রানের এই ইনিংসটি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ভারতের নারায়ন জগদীশানের। ২০২২ সালে বিজয় হাজারে ট্রফিতে তামিলনাড়ুর হয়ে অরুণাচলের বিপক্ষে ২৭৭ রান করেছিলেন তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ