রাজনৈতিক বৈরিতার কারণে দীর্ঘদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হচ্ছে না। শুধুমাত্র বিশ্বকাপ বা এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টেই নিরপেক্ষ ভেন্যুতে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখা যায়। গত বছর পাহালগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের সম্পর্ক আরও অবনতি হয়েছে। তবে সম্প্রতি ক্রিকেট কূটনীতিতে কিছুটা উন্নতির সম্ভাবনা দেখা দিয়েছে।
আমন্ত্রণ ও সভা
চলমান আইপিএলের ফাইনাল দেখার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিকে আমন্ত্রণ জানানো হয়েছে। একইসঙ্গে চলতি মাসের শেষদিকে আহমেদাবাদে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভায় অংশ নেওয়ার জন্যও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। জিও নিউজ সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে।
আইসিসি সভার সময়সূচি
একটি আন্তর্জাতিক ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম জানিয়েছে, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ভবিষ্যৎ নিয়ে আলোচনা পুনরায় শুরু করতে চিফ এক্সিকিউটিভস কমিটি (সিইসি) ও বোর্ড সভাসহ একাধিক বৈঠকের আয়োজন করতে যাচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, সিইসি সভা ২১ মে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। আর সরাসরি বোর্ড সভা হবে ৩০ ও ৩১ মে আহমেদাবাদে। একই দিনে, অর্থাৎ ৩১ মে, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইপিএল ২০২৬-এর ফাইনাল।
নাকভির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা
প্রতিবেদনে আরও বলা হয়, সাধারণ পরিস্থিতিতে নাকভির সরাসরি ওই সভায় অংশ নেওয়ার কথা। তবে ভারত ও পাকিস্তান সরকারের সম্পর্ক এবং দুই দেশের ক্রিকেট বোর্ডগুলোর টানাপোড়েনের কারণে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে সূত্রের দাবি, পিসিবি চেয়ারম্যানকে আইসিসি বোর্ড সভা ও আইপিএল ফাইনাল, দুই অনুষ্ঠানেই অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে পিসিবি প্রধান সেই আমন্ত্রণপত্র পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কাছে পাঠিয়েছেন। এখন তিনি সিদ্ধান্ত নেবেন, নাকভি ভারতে অনুষ্ঠিত সভা ও আইপিএল ফাইনালে অংশ নেবেন কি না।



