মিরপুর টেস্টে স্লো ওভার রেটের শাস্তি পাকিস্তানের, কাটল ৮ পয়েন্ট
মিরপুর টেস্টে স্লো ওভার রেটের শাস্তি পাকিস্তানের

মিরপুর টেস্টে বাংলাদেশের কাছে ১০৪ রানের বড় ব্যবধানে হারের তেঁতো স্বাদ পায় পাকিস্তান। হারের সেই ক্ষত শুকানোর আগেই বড় বড় দুঃসংবাদ পেলো শান মাসুদের দল। মিরপুর টেস্টে স্লো ওভার রেটের দায়ে শাস্তির কবলে পড়েছে পাকিস্তান দল।

শাস্তির বিবরণ

ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানার পাশাপাশি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ৮ পয়েন্ট কাটা হয়েছে পাকিস্তানের। শুক্রবার (১৫ মে) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে আইসিসি। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে ৮ ওভার বোলিং কম করেছে পাকিস্তান।

আইসিসির নিয়ম

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি ওভার কম করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। ৮ ওভারের জন্য পাকিস্তানের খেলোয়াড়দের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা হয়েছে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ১৬.১১.২ ধারায় বলা হয়েছে, প্রতি ওভার কম করার জন্য ১ পয়েন্ট করে পেনাল্টি করা হবে অর্থাৎ কেটে নেওয়া হবে। তাই টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট থেকে পাকিস্তানের ৮ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পয়েন্ট টেবিলে প্রভাব

৪ পয়েন্ট ও ১১ দশমিক ১১ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে নেমে গেল পাকিস্তান। বাংলাদেশের কাছে প্রথম টেস্ট হেরে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পঞ্চম থেকে সপ্তম স্থানে নেমেছিল পাকিস্তান। ৩ ম্যাচে ১ জয় ও ২ হারে ১২ পয়েন্ট এবং ৩৩.৩৩ শতাংশ পয়েন্ট ছিল তাদের। এবার জরিমানার কবলে পড়ে আরও এক ধাপ নীচে নেমে গেল পাকিস্তান।

শাস্তি মেনে নিলেন অধিনায়ক

পাকিস্তানের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ তোলেন অনফিল্ড আম্পায়ার রিচার্ড কেটলবরো ও কুমার ধর্মসেনা, তৃতীয় আম্পায়ার আল্লাহুদ্দিন পালেকার এবং চতুর্থ আম্পায়ার গাজী সোহেল। ভুল স্বীকার করে ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। তাই আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ