পাকিস্তানের জন্য বড় ধাক্কা: স্লো ওভার রেটে ৮ পয়েন্ট কাটা
পাকিস্তানের জন্য বড় ধাক্কা: স্লো ওভার রেটে ৮ পয়েন্ট কাটা

মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে হেরে অনেকটা ব্যাকফুটে পাকিস্তান। সিলেটে হবে সিরিজের শেষ ম্যাচ। তবে, এর আগেই দুঃসংবাদ পেল পাকিস্তান দল। স্লো ওভার রেটের জন্য শাস্তির মুখে পড়েছে তারা। শুধু ম্যাচ ফির বড় অংশ জরিমানাই নয়, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ আটটি পয়েন্টও হারিয়েছে পাকিস্তান।

আইসিসির ম্যাচ রেফারি জেফ ক্রো পাকিস্তান দলকে নির্ধারিত সময়ের চেয়ে ৮ ওভার পিছিয়ে থাকার দায়ে এই শাস্তি দিয়েছেন। সময় ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় বিবেচনা করার পরও দেখা যায়, পাকিস্তান দল বোলিং কোটা পূর্ণ করতে ব্যর্থ হয়েছে।

আইসিসির নিয়ম অনুযায়ী, পাকিস্তান দলকে আইসিসি কোড অব কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী, প্রতি ওভার কম করার জন্য সংশ্লিষ্ট দলের খেলোয়াড়দের পাঁচ শতাংশ হারে জরিমানা করা হয়। সেই হিসেবে ৮ ওভারের জন্য পাকিস্তানের খেলোয়াড়দের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম (ধারা ১৬.১১.২) অনুযায়ী, প্রতি ওভার কম করার জন্য ১ পয়েন্ট করে পেনাল্টি দেওয়া হয়। ফলে পাকিস্তানের অর্জিত পয়েন্ট থেকে আটটি গুরুত্বপূর্ণ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারা টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ফাইনালের দৌড়ে থাকা দলগুলোর জন্য ১ পয়েন্টও যেখানে গুরুত্বপূর্ণ, সেখানে ৮ পয়েন্ট হারানো পাকিস্তানের জন্য বড় ধাক্কা।

আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ এই অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিকভাবে কোনও শুনানির প্রয়োজন পড়েনি।

মাঠের আম্পায়ার রিচার্ড কেটলবরো ও কুমার ধর্মসেনা, তৃতীয় আম্পায়ার আলাউদ্দিন পালেকর এবং চতুর্থ আম্পায়ার গাজী সোহেল যৌথভাবে এই অভিযোগটি এনেছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ