রাজশাহীর বাঘায় মোটরসাইকেল আরোহী আতিকুর রহমান বাচ্চু (৫০) নামের এক ব্যক্তি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
দুর্ঘটনার বিবরণ
আতিকুর রহমান বাচ্চু উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশরপুর সেখপাড়া গ্রামের ওয়াহেদ সেখের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে কেশরপুর বাজার থেকে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। সেখপাড়া বটতলা মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। পরে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
পুলিশের বক্তব্য
এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



