কবজির চোটে উইম্বলডন থেকে সরে দাঁড়ালেন আলকারাজ
কবজির চোটে উইম্বলডন থেকে সরে দাঁড়ালেন আলকারাজ

দুবারের উইম্বলডন চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ কবজির চোট থেকে সেরে না ওঠায় এবারের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন। স্প্যানিশ এই তারকা গতকাল নিজেই এই সিদ্ধান্তের কথা জানান।

আলকারাজের বিবৃতি

২৩ বছর বয়সী আলকারাজ বলেন, ‘আমার চোটের উন্নতি হচ্ছে এবং আগের চেয়ে অনেক ভালো বোধ করছি। কিন্তু দুর্ভাগ্যবশত, খেলার জন্য আমি এখনো পুরোপুরি প্রস্তুত নই। তাই কুইন্স ও উইম্বলডন—উভয় টুর্নামেন্ট থেকেই নাম প্রত্যাহার করতে বাধ্য হচ্ছি।’

উইম্বলডনে গত বছর ফাইনালে ইয়ানিক সিনারের কাছে হেরে যাওয়া আলকারাজ আরও বলেন, ‘দুটি টুর্নামেন্ট আমার জন্য ভীষণ স্পেশাল, খুব মিস করব। যত দ্রুত সম্ভব কোর্টে ফেরার চেষ্টা চালিয়ে যাব।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চোটের ইতিহাস

গত মাসে বার্সেলোনা ওপেনে প্রথম রাউন্ডে কবজিতে চোট পান আলকারাজ। এরপর মাদ্রিদ ওপেন, রোম ওপেন এবং ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়ান। ফ্রেঞ্চ ওপেনে সর্বশেষ দুবারই শিরোপা জিতেছেন আলকারাজ।

অস্ট্রেলিয়ান ওপেন জয়

চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে ইতিহাসের সর্বকনিষ্ঠ পুরুষ খেলোয়াড় হিসেবে ‘ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম’ জয়ের কীর্তি গড়েন বিশ্বের সাবেক এক নম্বর এই তারকা। এ মৌসুমে ২২ জয়ের বিপরীতে ৩ ম্যাচ হারা আলকারাজ দোহাতেও একটি শিরোপা জেতেন।

গ্র্যান্ড স্লামে অনুপস্থিতি

২০২১ সালের অস্ট্রেলিয়ান ওপেনের মাধ্যমে গ্র্যান্ড স্লামের মূল পর্বে অভিষেক র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় আলকারাজের। এরপর উইম্বলডনসহ মোট তিনটি গ্র্যান্ড স্লামে খেলা হচ্ছে না তাঁর। এর আগে ২০২৩ অস্ট্রেলিয়ান ওপেনে হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে খেলতে পারেননি।

সিনারের সঙ্গে দ্বৈরথ থমকে

কবজির চোটের কারণে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ইয়ানিক সিনারের সঙ্গে আলকারাজের দ্বৈরথও আপাতত থমকে গেল। ২৪ বছর বয়সী ইতালিয়ান তারকা সিনার এবার ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনে নিরঙ্কুশ ফেবারিট। গত ১২ এপ্রিল মন্টে কার্লো মাস্টার্সের ফাইনালে সিনারের কাছে হেরে শীর্ষস্থান হারান আলকারাজ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফ্রেঞ্চ ওপেনে সাফল্য

সাতবারের গ্র্যান্ড স্লামজয়ী আলকারাজ ২০২৪ ও ২০২৫ সালে ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হন। গত বছর ফ্রেঞ্চ ওপেনের ইতিহাসে দীর্ঘতম ফাইনালে সিনারের বিরুদ্ধে তিনটি চ্যাম্পিয়নশিপ পয়েন্ট বাঁচিয়ে শিরোপা জেতেন আলকারাজ। এবার ফ্রেঞ্চ ওপেন শুরু হবে ২৪ মে।

উইম্বলডন ইতিহাস

আলকারাজ ২০২৩ সালে সাতবারের উইম্বলডন চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে হারিয়ে অল ইংল্যান্ড ক্লাবে নিজের প্রথম ট্রফি জেতেন। পরের বছর সার্বিয়ান তারকাকে হারিয়েই শিরোপা ধরে রাখেন। এবার উইম্বলডন শুরু হবে আগামী ২৯ জুন।

আলকারাজ ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করার পর সিনার বলেছিলেন, ‘আমাদের সবার জন্যই দুঃখজনক খবর। প্রতিযোগী হিসেবে আপনি সব সময় বিশ্বের সেরা খেলোয়াড়দের বিরুদ্ধে খেলতে চাইবেন, আর এই কোর্টে সে-ই সেরা।’

ভবিষ্যৎ পরিকল্পনা

গত মাসে আলকারাজ বলেছিলেন, পুরোপুরি ফিট না হয়ে কোর্টে ফেরার ঝুঁকি নেবেন না। তাঁর ভাষায়, ‘তাড়াহুড়ো করে ফিরে চোট আরও বাড়িয়ে তোলার চেয়ে আমি একটু সময় নিয়ে শতভাগ ফিট হয়ে ফিরতে চাই। সামনে আমার দীর্ঘ ক্যারিয়ার পড়ে আছে। তাই পুরোপুরি সুস্থ হতে গিয়ে কিছু টুর্নামেন্টে খেলতে না পারলেও সমস্যা নেই।’