সিডনির ফেয়ারফিল্ড শো গ্রাউন্ডে গত ২৬ এপ্রিল ২০২৬ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সিডনির সবচেয়ে আকর্ষণীয় বৈশাখী মেলার ৩১তম আয়োজন। বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার এই আয়োজনে কয়েক হাজার প্রবাসী বাঙালির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেলা প্রাঙ্গণ পরিণত হয় বাঙালিদের এক মহোৎসবে। মনোরম আবহাওয়া আর দীর্ঘ ছুটির আমেজে এবারের মেলায় রেকর্ড–সংখ্যক জনসমাগম ঘটে।
সাংস্কৃতিক মঞ্চে প্রাণবন্ত পরিবেশনা
মেলার সাংস্কৃতিক মঞ্চে ছিল শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল ‘শিরোনামহীন’-এর পরিবেশনা। তাদের জমকালো সংগীত পরিবেশনা দর্শকদের উচ্ছ্বাসে ভাসিয়ে দেয়। এ ছাড়া মেলায় দেশি পণ্যের বাহারি স্টল এবং মেলা প্রাঙ্গণে সারবদ্ধভাবে সাজানো ছিল ঐতিহ্যবাহী পোশাকের বুটিক এবং মুখরোচক দেশি খাবারের দোকান। এবার চমৎকার আবহাওয়ার কারণে উৎসবের আমেজ গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি প্রাণবন্ত ছিল বলে জানান অনেক দর্শক।
প্রবাসীদের উচ্ছ্বাস ও শিকড়ের টান
মেলায় আসা প্রবাসীরা তাঁদের উচ্ছ্বসিত প্রতিক্রিয়ায় জানান, সিডনির যান্ত্রিক জীবনে এই মেলা তাঁদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়। পরিবার নিয়ে আসা এক দর্শনার্থী বলেন, ‘সারা বছর আমরা এই মেলার জন্য অপেক্ষা করি। বিদেশের মাটিতে এত সুন্দর, সুশৃঙ্খল পরিবেশ আর দেশের আমেজ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।’
আনুষ্ঠানিক পর্ব ও শেষ রাতের অনুষ্ঠান
আমন্ত্রিত বিশেষ অতিথিদের নিয়ে শুরু হয় আনুষ্ঠানিক পর্ব। এতে স্থানীয় সংসদ সদস্য ও কাউন্সিলররা অংশ নেন এবং নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্য ও কাউন্সিলরদের উপস্থিতিতে আনুষ্ঠানিকতা শেষে অনেক রাত পর্যন্ত চলে অনুষ্ঠান। উপস্থিত সবাই মেলার চমৎকার ব্যবস্থাপনা ও পারিবারিক পরিবেশের ভূয়সী প্রশংসা করেন।



