ওজন কমাতে বর্তমানে 'ইন্টারমিটেন্ট ফাস্টিং' বা নির্দিষ্ট সময় উপবাস থাকা বেশ জনপ্রিয়। তবে এই পদ্ধতি সবার জন্য কার্যকর নাও হতে পারে। বিশেষ করে যাদের জীবনযাত্রা অতিরিক্ত মানসিক চাপে ঘেরা, তাদের জন্য এটি হিতে বিপরীত হতে পারে বলে সতর্ক করেছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার ফিটনেস ট্রেইনার সিদ্ধার্থ সিং।
ইন্টারমিটেন্ট ফাস্টিং ও মানসিক চাপ
সিদ্ধার্থ সিং জানান, তাত্ত্বিকভাবে ইন্টারমিটেন্ট ফাস্টিং চর্বি পোড়াতে সাহায্য করলেও বাস্তব জীবনে উচ্চ-চাপযুক্ত পেশাদারদের ক্ষেত্রে এটি হিতে বিপরীত হয়। অনেকে ওজন কমাতে সকালের নাস্তা বাদ দিয়ে দীর্ঘ সময় না খেয়ে থাকেন। কিন্তু অফিসের কাজের চাপ, মিটিং এবং ব্যস্ততার মধ্যে দীর্ঘক্ষণ খালি পেটে থাকলে শরীরে স্ট্রেস হরমোন বেড়ে যায়।
ক্যাফেইনের ওপর নির্ভরতা
ট্রেইনারের মতে, কর্মব্যস্ত মানুষরা না খেয়ে কাজ করার শক্তি পেতে বারবার চা বা কফির (ক্যাফেইন) ওপর নির্ভর করেন। এতে শরীরে উত্তেজনা বাড়ে, যা মানুষকে খিটখিটে করে তোলে এবং মেজাজ বিগড়ে দেয়। ফলে ওজন কিছুটা কমলেও মানসিক অস্থিরতা ও অবসাদ তৈরি হয়।
সবার জন্য নয় এই পদ্ধতি
সিদ্ধার্থের ভাষ্যমতে, ফাস্টিং কার্যকর হতে পারে, কিন্তু উচ্চ-চাপযুক্ত জীবনযাত্রার জন্য এটি সঠিক সমাধান নয়। কোনো বিশেষ খাদ্যাভ্যাস শুরু করার আগে নিজের মানসিক স্বাস্থ্য এবং দৈনন্দিন রুটিনের কথা মাথায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি। অন্যথায় ওজন কমলেও শরীর ও মনের ভারসাম্য নষ্ট হতে পারে।
তথ্যসূত্র: এনটিভি।



