পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু ও হাটের বর্জ্য অপসারণে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বর্জ্য সরিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সোমবার এক বার্তায় ডিএসসিসি জানিয়েছে, ঈদের দিন থেকে মাতুয়াইল ল্যান্ডফিলে মোট ৩৬ হাজার ৮৬ টন বর্জ্য ডাম্পিং করা হয়েছে, যেখানে প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল ৩৩ হাজার ৯৪২ টন।
তিন দিনের বর্জ্য অপসারণের পরিসংখ্যান
গত তিন দিনের বর্জ্য অপসারণের পরিসংখ্যান তুলে ধরে ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম দিন ১৪ হাজার ৮১৪ টন, দ্বিতীয় দিন ৮ হাজার ৯৭৭ টন, তৃতীয় দিন ১২ হাজার ২৯৫ টনসহ মোট অপসারিত বর্জ্য ৩৬ হাজার ৮৬ টন।
বর্জ্য জমে থাকলে যোগাযোগের নির্দেশনা
তবে কোথাও বর্জ্য জমে থাকতে দেখা গেলে ০১৭০৯৯০০৮৮৮ অথবা ০২২২৩৩৮৬০১৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি। অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
কর্মী ও যানবাহন ব্যবস্থাপনা
এ কার্যক্রম পরিচালনায় ডিএসসিসির নিজস্ব ও পিসিএসপির মোট ১৩ হাজার ৪৫৩ জন কর্মী মাঠপর্যায়ে কাজ করেছেন। বর্জ্য পরিবহনে ব্যবহার করা হয়েছে ৩৮২টি বিশেষ যান-যন্ত্রপাতিসহ মোট ২ হাজার ১১৭টি ছোট-বড় যানবাহন।
কোরবানির স্থান ও সংখ্যা
এ ছাড়া ডিএসসিসি নির্ধারিত ৩৫৭টি স্থানে গত তিন দিনে মোট ১৭ হাজার ৩১৫টি পশু কোরবানি করা হয়েছে।



