ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা, এবার ফিরতি যাত্রায় স্বস্তি
ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা, ফিরতি যাত্রায় স্বস্তি

পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। তবে অন্যান্য বছরের তুলনায় এবার ফিরতি যাত্রায় চাপ কম। তাই স্বস্তিতেই ঢাকায় ফিরছেন নৌপথের যাত্রীরা। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় যাত্রীদের উপস্থিতি থাকলেও কোথাও অতিরিক্ত ভিড় বা দুর্ভোগের চিত্র দেখা যায়নি।

সকালে সদরঘাটের চিত্র

রবিবার (৩১ মে) সকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা যায়, ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত ৪০টি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে। যাত্রীরা নির্বিঘ্নে ঘাটে নেমে স্বাভাবিকভাবেই নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হচ্ছেন। নৌপথে কোনও ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই যাত্রা করতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া যায়নি। মূলত যাদের অফিস বা কর্মস্থল সোমবার (১ জুন) থেকে খুলছে, তারাই আজ ঢাকায় ফিরছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

যাত্রীদের প্রতিক্রিয়া

ঢাকা-চাঁদপুর রুটের এমভি সোনার তরী-৪ লঞ্চটি বেলা ১১টায় সদরঘাটে এসে পৌঁছায়। ওই লঞ্চের যাত্রী সাজেদা আক্তার বলেন, “সাত দিনের ছুটিতে গ্রামে গিয়েছিলাম। পরিবার নিয়ে ভালোভাবে ঈদ কাটালাম। ভিড় এড়াতে একটু আগেই চলে এসেছি। কাল থেকে অফিস, তাই আজই ফিরলাম।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আরেক যাত্রী আশ্রাফ আবির বলেন, “পরিবার নিয়ে গ্রামে ঈদ করতে গিয়েছিলাম। এবারের ঈদ যাত্রা অনেক ভালো হয়েছে। বাড়তি ভাড়াও নেয়নি। আগে পথে পথে যে ঝামেলা বা প্রতিবন্ধকতা থাকত, এবার সেটা ছিল না।”

চাঁদপুরের মতলব থেকে চার বছরের মেয়েকে নিয়ে ঢাকায় ফিরেছেন সালমা জাহান। তিনি বলেন, “লঞ্চে তেমন কোনো ভিড় ছিল না। ঝামেলা ছাড়াই এসেছি। ঈদও ভালো কেটেছে।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আগামী দিনের সম্ভাবনা

এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বোর্ডিং সারেং নুরুজ্জামান সুমন জানান, ঈদের ছুটি শেষ হওয়ায় সোমবার থেকে যাত্রীর চাপ আরও বাড়তে পারে। তিনি বলেন, “আজ যাত্রীর চাপ তুলনামূলক কম। সকাল থেকে দুপুর পর্যন্ত ৪০টি লঞ্চ সদরঘাটে এসেছে। রাত ১০টা পর্যন্ত আরও কিছু লঞ্চ আসার সম্ভাবনা রয়েছে।”