প্রচণ্ড গরমের পর নেমেছে স্বস্তির বৃষ্টি। কিন্তু ঈদে ঘরমুখী মানুষের ভোগান্তি যেন কমছে না। বরং বৃষ্টির কারণে দুর্ভোগ বেড়েছে বহুগুণে। টঙ্গী রেলওয়ে স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল আর রাজধানীর সড়কগুলোতে দেখা গেছে বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে নানা চিত্র।
ট্রেনের ছাদে চড়ে বাড়ি ফেরা
টঙ্গী রেলওয়ে স্টেশনে ঝুম বৃষ্টির মধ্যেও রেললাইন ধরে স্টেশনের দিকে যাচ্ছেন ঈদে ঘরমুখী মানুষ। ট্রেনের ভেতর তিলধারণের জায়গা নেই। তাই ঝুম বৃষ্টির মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ে বাড়ির পথে ছুটছেন শত শত মানুষ। বৃষ্টি থেকে নিজেদের রক্ষায় প্লাস্টিক মুড়িয়ে ছাদে চড়েছেন তরুণেরা।
সদরঘাটে লঞ্চযাত্রীদের দুর্ভোগ
সদরঘাট লঞ্চ টার্মিনালেও একই চিত্র। মুষলধারে বৃষ্টির মধ্যে পন্টুনের পিচ্ছিল পথ উপেক্ষা করে লঞ্চের দিকে ছুটছেন যাত্রীরা। কোলের শিশুকে নিয়ে বাড়ির পথে এক দম্পতি, সন্তানদের নিয়ে দ্রুত লঞ্চের দিকে ছুটছেন এক মা। আরেক তরুণ তাঁর প্রিয় পোষা বিড়ালটিকে সঙ্গী করে লঞ্চের দিকে যাচ্ছেন।
রাজধানীতে জলাবদ্ধতা
সামান্য বৃষ্টিতেই রাজধানীর নিউমার্কেট ও হকার্স মার্কেট এলাকার সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই পানি মাড়িয়েই চলাচল করেন ঈদের কেনাকাটায় ব্যস্ত লোকজন। বিকেলের বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর অনেক সড়ক। জমা পানির মধ্যেই ঝুঁকি নিয়ে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন এক চালক।



