ঋতুস্রাবের সময় (পিরিয়ড) তলপেট, কোমর বা ঊরুতে ব্যথা ও খিঁচুনি একটি সাধারণ সমস্যা, যা জরায়ুর সংকোচনের কারণে হয়। গরম সেঁক, পর্যাপ্ত বিশ্রাম, হালকা ব্যায়াম এবং প্রচুর পানি পান করলে সাধারণত এই যন্ত্রণা থেকে কিছুটা স্বস্তি মেলে। তবে পুরোপুরি ব্যথা নিরাময় না হলেও স্বস্তি পাওয়া সম্ভব।
মানসিক চাপ কমান
ঋতুস্রাবের সময় নারী দেহে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হয়। তার ওপর অতিরিক্ত মানসিক চাপ থাকলে জটিলতা বাড়ে। তাই এই সময় স্ট্রেসমুক্ত থাকার চেষ্টা করুন এবং ৮-৯ ঘণ্টা ঘুম বা পর্যাপ্ত বিশ্রাম নিন।
হালকা শরীরচর্চা করুন
অনেকের ধারণা, পিরিয়ডের সময় শরীরচর্চা করলে বেশি রক্তপাত হবে। এই ধারণা ভুল। বরং পর্যাপ্ত বিশ্রামের পাশাপাশি হালকা শরীরচর্চা করলে ব্যথা কমে। কারণ শরীর সচল থাকলে পেশির সংকোচন কম হয় এবং যন্ত্রণা হ্রাস পায়।
সঠিক খাবার বেছে নিন
পেইনকিলার খাওয়ার বদলে সঠিক খাবার বেছে নেওয়া উচিত। এই সময় শরীরে প্রদাহ বাড়ে, তাই লবণ, চিনি ও স্বাস্থ্যকর ফ্যাট বেশি থাকা খাবার এড়িয়ে চলুন। বদহজম ও পেটফাঁপা এড়াতে আদা চা, ক্যামোমাইল টি, বাদাম, তাজা ফল, সবজি ও দানাশস্য খেতে পারেন।
হিট থেরাপি নিন
তলপেটে গরম সেঁক দিলে জরায়ুর পেশিতে রক্ত সঞ্চালন বাড়ে, সংকোচন কমে এবং যন্ত্রণা থেকে মুক্তি মেলে। হট ওয়াটার ব্যাগ বা হিটিং প্যাড ১৫-২০ মিনিট তলপেটে চেপে ধরুন। এ ছাড়া গরম পানি দিয়ে গোসল করলেও উপকার পাওয়া যায়।
তেল মালিশ করুন
ঋতুস্রাবে পেটব্যথায় তেল মালিশ করলে রক্ত চলাচল বাড়ে এবং ব্যথা কমে। ল্যাভেন্ডার বা লবঙ্গের মতো এসেনশিয়াল অয়েল নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে তলপেট, কোমর ও পায়ে মালিশ করতে পারেন।



