সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কাঁচাহলুদ চিবিয়ে খাওয়ার অভ্যাস আয়ুর্বেদে বহুদিন ধরে প্রচলিত। এই প্রাচীন পদ্ধতির স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জানিয়েছেন পুষ্টিবিদ রমিতা কৌর। তাঁর মতে, কাঁচাহলুদে থাকা কারকিউমিন ও অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের জন্য অত্যন্ত উপকারী।
ত্বকের উজ্জ্বলতা বাড়ায়
হলুদের অ্যান্টি-অক্সিডেন্ট ও ডিটক্সিফাইং বৈশিষ্ট্য ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে। এটি ত্বকের প্রদাহ কমায় এবং বয়সের ছাপ দূর করতে ভূমিকা রাখে।
রোগপ্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে
শীতকালে সর্দি, কাশি ও জ্বরের সংক্রমণ বাড়ে। হলুদে থাকা অ্যান্টি-ফাঙ্গাল, অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ভাইরাল উপাদান শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
হজমশক্তির উন্নতি ঘটায়
খালি পেটে কাঁচাহলুদ খেলে হজম এনজাইম তৈরি হয়, যা হজম প্রক্রিয়াকে উন্নত করে। এটি অ্যাসিডিটি, পেট ফাঁপা ও বদহজমের সমস্যা কমাতে সহায়ক।
প্রদাহ ও ব্যথা উপশম করে
হলুদের কারকিউমিন একটি শক্তিশালী অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান। এটি শরীরের প্রদাহ কমায় এবং বাতের ব্যথা, গাঁটের ব্যথা, গলাব্যথা ও কাশির উপশমে কার্যকর।
লিভার ডিটক্স ও অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে
হলুদ শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে লিভারকে ডিটক্সিফাই করে। এর অ্যান্টি-অক্সিডেন্ট কোষের ক্ষতি রোধ করে এবং শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে।
পুষ্টিবিদরা হলুদ পানি, হলুদ দুধ ও হলুদ চা খাওয়ার পরামর্শ দেন। তবে কাঁচাহলুদ সরাসরি চিবিয়ে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। তাই প্রতিদিন সকালে খালি পেটে এক টুকরো কাঁচাহলুদ চিবিয়ে খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন।



