প্রকৃতির বুকে নেমে আসা ভালোবাসার নরম সুর
প্রতীকী ছবি বা আনুষ্ঠানিক ঘোষণার কোনো প্রয়োজন পড়েনি, তবুও হাওয়ার গন্ধেই স্পষ্ট হয়ে উঠেছিল যে শীতের নিঃশব্দতা ভেঙে এক মৃদু সুর নেমে এসেছে পৃথিবীর বুকে। গাছের ডালে ডালে নতুন পাতাগুলো লাজুকভাবে উঁকি দিচ্ছিল, আর অচেনা পাখির কূজনে ভোরের আলো যেন একটু ভিন্ন রূপে ধরা দিচ্ছিল। এই পরিবর্তনের মাঝেই আমি তোমার কথা ভেবেছি বারবার। তুমি যেন ঠিক সেই প্রথম কচি পাতার মতোই কোমল, অপ্রকাশিত, কিন্তু আশ্চর্য রকমের নিশ্চিত। তোমার হাসি শুনলে মনে হতো, পৃথিবী এতদিন ধরে শুধুই অপেক্ষা করছিল কখন তুমি এসে তাকে সম্পূর্ণতা দেবে।
শিউলিগাছের নিচে অদ্ভুত নীরবতার কথোপকথন
একদিন বিকেলে শিউলিগাছের ছায়ায় বসে আমরা কথা বলছিলাম। চারপাশে ছড়িয়ে ছিল ফুলের সৌরভ, আর আমাদের মধ্যকার নীরবতা যেন কথার চেয়েও বেশি কিছু বলছিল। তোমার চোখে আমি দেখতে পেয়েছিলাম এক অনন্ত পথের ছবি, যেখানে হাঁটতে হাঁটতে মানুষ নিজেকেই খুঁজে পায়। তুমি জিজ্ঞেস করেছিলে, ভালোবাসা কি শুধু কাছাকাছি থাকার নাম? আমি হেসে উত্তর দিয়েছিলাম, না, ভালোবাসা হয়তো দূরে থেকেও একই আকাশের নিচে শ্বাস নেওয়ার অনুভূতি।
ছোট্ট বিরহের গভীরতা ও প্রত্যাবর্তন
তারপর এল সেই ক্ষণিক কিন্তু গভীর বিরহের সময়। দিনগুলো হঠাৎ করেই লম্বা হয়ে গিয়েছিল। রোদ ছিল, ফুল ফুটেছিল, নদী তার গতিতে বয়ে যাচ্ছিল, কিন্তু সবকিছুর মাঝেই যেন এক ফাঁকা শব্দ ভেসে বেড়াত। আমি নদীর ধারে দাঁড়িয়ে ভাবতাম, এই জল কি তোমার শহরের পাশ দিয়েও প্রবাহিত হয়? একই জলে কি তোমার স্পর্শ মিশে আছে? রাতে আকাশের দিকে তাকালে মনে হতো, একই চাঁদ কি তোমাকেও স্পর্শ করছে? এই বিরহ দীর্ঘস্থায়ী না হলেও এর গভীরতা ছিল অসীম, ঠিক যেমন বসন্তের মৃদু ঝড়—ক্ষণিকের, কিন্তু সবকিছুকে রূপান্তরিত করে দেয়।
তারপর তুমি ফিরে এলেন কোনো নাটকীয়তা ছাড়াই, ঠিক যেমন বসন্ত আসে নীরবে ও স্বাভাবিকভাবে, অথচ সমস্ত কিছুকে পরিপূর্ণ করে তোলে। তোমার ফিরে আসার পর আমি বুঝতে পেরেছিলাম যে ভালো লাগা আর ভালোবাসার মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে, তা মূলত অনুভূতির গভীরতার মধ্যে নিহিত। ভালো লাগা চোখ দিয়ে প্রবেশ করে, কিন্তু ভালোবাসা হৃদয়ের গভীরে স্থায়ী হয়ে থাকে।
সাগরের ধারে অনন্ত প্রতিশ্রুতির মুহূর্ত
আমরা একদিন সাগরের তীরে গিয়েছিলাম। ঢেউগুলো বারবার আমাদের পায়ে এসে ছুঁয়ে যাচ্ছিল। তুমি বলেছিলে, দেখো, সাগর কখনো ক্লান্ত হয় না, এটি নিরন্তর ফিরে আসে। আমি বলেছিলাম, ভালোবাসাও ঠিক তেমনই—যত দূরেই যাক না কেন, এটি আবার ফিরে আসে। তখন তুমি আমার হাত ধরে নিয়েছিলে। সেই স্পর্শে যেন ফুলের সুবাস, নদীর স্রোত এবং আকাশের নীলিমা মিশে গিয়েছিল। মনে হচ্ছিল, সমগ্র প্রকৃতি যেন আমাদের এই বিশেষ মুহূর্তটিকে আশীর্বাদ করছে।
বসন্ত এখন কেবল একটি ঋতু নয়, এটি একটি অনুভূতি, একটি সম্পর্ক, একটি প্রতিশ্রুতি। আমরা হাঁটছিলাম, পাশে ছিল গাছপালা, সামনে ছিল পথ, আর মাথার ওপরে ছিল নীল আকাশ। কোথাও কোনো তাড়াহুড়ো বা ভয় ছিল না, কেবল একসঙ্গে থাকার নিশ্চয়তা ছিল। বসন্ত এসে গেছে, শুধু প্রকৃতিতে নয়, আমাদের ভেতরেও। আর এই বসন্তে, ভালো লাগা থেকে নিঃশব্দে জন্ম নিয়েছে এক গভীর, নিশ্চিন্ত ও অনন্ত ভালোবাসা।
রহমান মৃধা, একজন গবেষক ও লেখক, যিনি ফাইজারের প্রাক্তন পরিচালক হিসেবে সুইডেনে কর্মরত ছিলেন। দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারেন পাঠকরা। ই-মেইল: [email protected]



