কথা গোপন রাখতে না পারার মনস্তাত্ত্বিক কারণ: কেন চেপে রাখা এত কঠিন?
কথা গোপন রাখতে না পারার মনস্তাত্ত্বিক কারণ

কথা গোপন রাখতে না পারার মনস্তাত্ত্বিক কারণ: কেন চেপে রাখা এত কঠিন?

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১০:৩০ পিএম

আপনার কানে এমন কোনো কথা এলো, যা সবাইকে বলা যাবে না। আপনি প্রতিশ্রুতি দিলেন যে কাউকেই বলবেন না, এমনকি বন্ধু বা আত্মীয়কেও জোর গলায় আশ্বাস দিলেন, 'কাক-পক্ষীতেও টের পাবে না'। কিন্তু কথাটি কান থেকে পেটে পৌঁছাতেই অস্বস্তি শুরু হলো। কথাটা এত আকর্ষণীয় যে, কাউকে না বলে শান্তি পাচ্ছেন না। শেষ পর্যন্ত আর চেপে রাখা গেল না— অন্য একজনকে বলে ফেললেন এবং তার কাছ থেকে প্রতিশ্রুতি নিলেন যেন তিনি কাউকে না বলেন।

কথা চেপে রাখার যন্ত্রণা: কেন হয়?

গোপন কথা মনে চেপে রাখা শুনতে সহজ মনে হলেও বাস্তবে অনেকের পক্ষেই এটি অত্যন্ত কঠিন। প্রায়ই দেখা যায়, গোপন কথা মনে চাপ ফেলতে থাকে এবং কাউকে বলার পর হালকা লাগে। কিন্তু কেন এমন হয়? এতে পারস্পরিক সম্পর্ক খারাপ হওয়ার ঝুঁকি তৈরি হয় কি? মনোবিজ্ঞান বলছে, এর পেছনে রয়েছে গভীর কারণ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মনোবিদ আত্রেয়ী ভট্টাচার্য ব্যাখ্যা করেন, 'গোপন রাখা' মানে শুধু চুপ থাকা নয়, এটি মানসিক চাপও তৈরি করে। যেন মনের ওপর এক অদৃশ্য বোঝা চেপে বসে। গোপনীয়তা রক্ষা একটি দায়িত্বের মতো, যা বহন করতে পারলে ব্যক্তি ভরসাযোগ্য হয়ে ওঠেন। কিন্তু যারা এটি বহন করতে পারেন না, তাদের প্রতি ভরসা কমে যায়। এখানে কথা চেপে রাখা যেন যোগ্যতার মাপকাঠি হয়ে দাঁড়ায়। কারও কারও ক্ষেত্রে গোপন কথা প্রকাশ করার তীব্র ইচ্ছা জাগে।

কগনিটিভ ডিজোন্যান্স ও টানাপোড়েন

মনোবিদ আত্রেয়ী ভট্টাচার্য উদাহরণ দেন, ধরা যাক, দুজন প্রেম করছেন। একজন কথাটি গোপন রাখতে চাইছেন, অন্যজন সেই আনন্দের কথা শেয়ার করতে চাইছেন আরও কারও সঙ্গে। সঙ্গীর সম্মান রক্ষার্থে তিনি কাউকে বলছেন না। এই দ্বন্দ্বকে কগনিটিভ ডিজোন্যান্স বলা যায়— একদিকে কথা প্রকাশ করতে চাওয়া, অন্যদিকে গোপন রাখার বাধ্যবাধকতা। এর মধ্যে যে কোনো একটাই জয়ী হয়: ব্যক্তি হয় কথা বলে ফেলেন, নয়তো চেপে রাখেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এই ঘাত-প্রতিঘাত সামলানো অনেকের কাছেই কঠিন হয়ে ওঠে। ভার লাঘব করতেই অনেকে গোপন কথাটি বলে ফেলেন, যেখানে গোপনীয়তা রক্ষার চেয়ে মানসিক চাপ কমানো বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই টানাপোড়েন থেকেই উদ্বেগ, অপরাধবোধ ও অস্বস্তির জন্ম হয়।

স্বস্তি ও ভারসাম্যের প্রয়োজন

মনোবিদ আরও বলেন, মানুষ নিজেকে স্বাভাবিক বা স্বচ্ছ মনে করতে পারেন না এই দ্বন্দ্বের কারণে। তাই গোপন কথা বলে ফেললে এক ধরনের স্বস্তি আসে, কারণ তখন আর নিজেকে আটকে রাখতে হয় না। মনের চাপ কমে, নিজের সঙ্গে নিজের দ্বন্দ্বও হ্রাস পায়।

তবে সব কথা সবার সঙ্গে শেয়ার করাও ঠিক নয়। হঠাৎ আবেগের বশে বলা কোনো কথা সম্পর্কের ক্ষতি করতে পারে বা নতুন সমস্যার সৃষ্টি করতে পারে। তাই কোথায়, কাকে, কতটা বলা উচিত, সেই বোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোপন রাখা ও প্রকাশ করার মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি। মন হালকা রাখতে বিশ্বস্ত কাউকে কথা বলা যেমন প্রয়োজন, তেমনি নিজেকে সুরক্ষিত রাখতে কিছু কথা চেপে রাখাও সমানভাবে আবশ্যক।

সর্বোপরি, গোপন কথা চেপে রাখার এই যন্ত্রণা মানবিক স্বভাবের অংশ, যা সঠিক ভারসাম্যের মাধ্যমে মোকাবেলা করা সম্ভব।