প্রতিদিন ভাত রান্না করা একটি সাধারণ কাজ হলেও অনেকেই ভাত ঝরঝরে করতে পারেন না। চাল ও পানির সঠিক অনুপাত না মেনে রান্না করলে ভাত নরম বা আঠালো হয়ে যায়। তবে ভাত ঝরঝরে না হওয়ার প্রধান কারণ হলো রান্নার পর হাতা দিয়ে নাড়ার অভ্যাস।
রান্নার পর হাতা নাড়া কেন ক্ষতিকর?
ভাত সেদ্ধ হওয়ার পর গরম দানা থেকে বাষ্প বের হতে সময় নেয় এবং স্টার্চ নির্গত হয়। রান্না শেষ হওয়া মাত্র হাতা দিয়ে নাড়লে এই স্টার্চ পুরো ভাতে ছড়িয়ে পড়ে, ফলে ভাত চটচটে ও আঠালো হয়ে যায়। তাই ভাত ঝরঝরে রাখতে রান্না শেষে হাতা নাড়া একেবারেই উচিত নয়।
ভাত ঝরঝরে রাখার সঠিক পদ্ধতি
আঁচ বন্ধ করে দেওয়ার পর ভাতের হাঁড়ি ৫ থেকে ১০ মিনিট ওই অবস্থাতেই রেখে দিন। এতে গরম বাষ্প হাঁড়ির ভেতরে সমানভাবে ছড়িয়ে পড়ে এবং ভাত ঝরঝরে হয়। এই সময়ে ভাত আরও সেদ্ধ হয় এবং দানা শক্ত হয়। এছাড়া সেদ্ধ হওয়ার পর ভাতের দানাগুলোতে পানি থাকে, যা নরম ও ভঙ্গুর হয়। হাতা নাড়লে দানা ভেঙে যায় এবং স্বাদ নষ্ট হয়।
ভাত রান্নার সময় চালের ধরন অনুযায়ী পানি মাপুন। অতিরিক্ত পানি ভাতকে নরম করে দেয়। রান্না শেষে ফ্যান ঝরানোর আগে কিছুক্ষণ অপেক্ষা করুন। তাড়াহুড়ো করে ফ্যান ঝরালেও ভাতের গড়ন নষ্ট হতে পারে।
সুতরাং, ভাত ঝরঝরে করতে চাইলে রান্নার পর হাতা নাড়ার অভ্যাস বদলান। সহজ এই টিপস মেনে চললেই পাবেন ঝরঝরে, সুস্বাদু ভাত।



