একটা নির্দিষ্ট বয়সে চুলে পাক ধরা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু বয়স ৩০-এর আগেই চুলে পাক ধরা—এটি অস্বাভাবিক। জিনগত কারণ, অতিরিক্ত মানসিক চাপ, দূষণ, ধূমপান ও পুষ্টির অভাবে কম বয়সেই অনেকের চুল পেকে সাদা হয়ে যায়। বিজ্ঞান বলছে—শুধু তেল মেখে পেকে যাওয়া চুলের প্রাকৃতিক রঙ পুরোপুরি ফিরিয়ে আনা অসম্ভব। তবে আয়ুর্বেদে বলা হয়েছে—বিশেষ কয়েকটি তেল ও ভেষজ উপাদানের মিশ্রণ মাথার ত্বকে পুষ্টি জোগায়, যা অকালপক্বতা রোধ করতে ও নতুন চুল গজাতে সাহায্য করে।
আমলকী ও নারিকেল তেল
আমলকী চুলের জন্য মহৌষধ। এটি ভিটামিন 'সি', পলিফেনল ও অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর, যা চুলের ‘অক্সিডেটিভ স্ট্রেস’ বা ক্ষয়রোধ করে। খাঁটি নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে লাগালে তা চুলের গোড়া শক্ত করে এবং মেলানিন বা রঞ্জক পদার্থকে দীর্ঘস্থায়ী করে। ‘ডার্মাটোলজিক থেরাপি’ জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, অকালপক্বতা রোধে ভেষজ উপাদানের কার্যকারিতা বৈজ্ঞানিকভাবে সীমিত হলেও তা অত্যন্ত কার্যকরী।
কারিপাতা ও তিলের তেল
কারিপাতায় প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যামিনো অ্যাসিড, বিটা-ক্যারোটিন ও খনিজপদার্থ রয়েছে, যা চুলে মেলানিন তৈরিতে সাহায্য করে। আয়ুর্বেদে তিল তেলকে ‘তেলের রাজা’ বলা হয়। এটি মাথার ত্বকের গভীরে গিয়ে পরিবেশগত দূষণ থেকে চুলকে রক্ষা করে। দুটি উপাদান একসঙ্গে ফুটিয়ে একটি শক্তিশালী মিশ্রণ তৈরি হয়, যা চুলের ফলিকল ভালো রাখে ও শুষ্কতা কমায়।
কেশুত ও নারিকেল তেল
চুলের যত্নে কেশুত ‘ভেষজের রাজা’। এটি স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুলের শিকড়কে ভেতর থেকে শক্ত করে। এতে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা চুলের ফলিকলকে সুস্থ রাখে। নারিকেল তেলের সঙ্গে কেশুতের রস বা গুঁড়ো মিশিয়ে সপ্তাহে অন্তত একবার ম্যাসাজ করলে অকালে চুল পাকার সমস্যা অনেকটাই কমে যায়।
জবা ফুল ও কাঠবাদাম তেল
জবা ফুলে প্রচুর ফ্ল্যাভোনয়েড ও প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা চুলকে দূষণের হাত থেকে রক্ষা করে। কাঠবাদাম বা সুইট অ্যালমন্ড অয়েল চুলকে জোগায় ভিটামিন 'ই' ও অ্যাসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। দুইয়ের মিশ্রণ রুক্ষ, শুষ্ক চুলকে নরম ও চকচকে করে তোলে।
কালো তিল ও ক্যাস্টর তেল
আয়ুর্বেদে কালো তিলকে যৌবন ও দীর্ঘায়ুর প্রতীক মনে করা হয়। এতে কপার, আয়রন, ক্যালশিয়াম, জিংক ও অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। ক্যাস্টর অয়েলের সঙ্গে মিশিয়ে লাগালে মাথার ত্বকের আর্দ্রতা বজায় থাকে এবং চুলপড়া কমে যায়। এটি সাদা চুল কালো না করলেও চুলের ঘনত্ব ও উজ্জ্বলতা বহুগুণ বাড়িয়ে দেয়।



