বিশ্বের ১২২টি শহরের মধ্যে বায়ুদূষণে আজ ঢাকার অবস্থান চতুর্থ। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বুধবার (১০ জুন) সকাল সাড়ে আটটায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৩৪, যা 'সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর' পর্যায়ে পড়ে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কিছুটা বৃষ্টি হলেও আজ সকালেই আবারও দূষণের শীর্ষ তালিকায় উঠে এসেছে রাজধানী। সাধারণত জুন মাসে বৃষ্টিপাতের কারণে দূষণের মাত্রা কম থাকে, তবে এবার তার ব্যতিক্রম দেখা গেছে।
আইকিউএয়ারের মতে, এ ধরনের বায়ু বয়স্ক ব্যক্তি, শিশু, অন্তঃসত্ত্বা নারী এবং বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। রাজধানীর অন্তত আটটি এলাকায় বায়ুর মান তুলনামূলকভাবে বেশি দূষিত। এর মধ্যে বায়ুদূষণে শীর্ষে আছে আগারগাঁও এলাকা, যার বায়ুমান ১৪৭। বায়ুর মান ১৫০ হলেই তাকে 'অস্বাস্থ্যকর' বলা হয় এবং ২০০ হলে তা 'খুব অস্বাস্থ্যকর'।
ঢাকার দূষিত এলাকাগুলো
আজ আগারগাঁওয়ের পর দূষণের তালিকায় রয়েছে বারিধারা পার্ক রোড (১৪৫), বারিধারা লেক সাইড (১৩৯), গুলশান লেক পার্ক (১৩৭), বেচারাম দেউড়ি (১২৩), উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ (১২৩), গুলশানের বে'জ এইজ ওয়াটার (১১২) ও গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১০২)।
বিশ্বের শীর্ষ দূষিত শহর
আজ বিশ্বে বায়ুদূষণে শীর্ষে আছে উগান্ডার কাম্পালা, যার বায়ুর মান ১৭৩। সার্বিকভাবে আজ বিশ্বে বায়ুদূষণ কম। সাধারণত এপ্রিল মাসের পর থেকে বাতাসের মান ভালো হতে থাকে এবং বৃষ্টি হলে দ্রুতই তা আরও উন্নত হয়।
সুরক্ষায় করণীয়
আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর মান বিবেচনায় বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে, বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার এবং ঘরের জানালা যতটা সম্ভব বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।



