দুঃস্থ মহিলা ও শিশু সাহায্য তহবিলে আবেদনের শেষ তারিখ ২০ মে
দুঃস্থ মহিলা ও শিশু সাহায্য তহবিলে আবেদন ২০ মে পর্যন্ত

জাতীয় দুঃস্থ মহিলা ও শিশু সাহায্য তহবিল থেকে আর্থিক সহায়তা পেতে আগ্রহীদের আগামী ২০ মে’র মধ্যে আবেদন করতে হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই তহবিল থেকে অসহায়, অসুস্থ, অনাথ, আর্থিক দুর্দশাগ্রস্ত, এসিড আক্রান্ত, মেধাবী শিক্ষার্থী এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মহিলা ও শিশুদের এককালীন আর্থিক সাহায্য দেওয়া হয়।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

সম্প্রতি মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) শবনম শিরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তহবিল থেকে অনুদান প্রত্যাশীদের নির্ধারিত ফরম ও শর্তাবলী পূরণ করে সংশ্লিষ্ট জেলা বা উপজেলা কার্যালয়ে আগামী ২০ মে’র মধ্যে আবেদন জমা দিতে হবে।

আবেদনপত্র ও শর্তাবলী মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইট dwa.gov.bd থেকে ডাউনলোড করা যাবে। এছাড়া জেলায় বসবাসকারীরা সংশ্লিষ্ট জেলার উপপরিচালকের কার্যালয় এবং উপজেলায় বসবাসকারীরা সংশ্লিষ্ট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকেও ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কে কীভাবে আবেদন করতে পারবেন?

তহবিল থেকে অনুদান প্রত্যাশী নিজে অথবা তার মনোনীত অভিভাবক আবেদনপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন। সংশ্লিষ্ট উপপরিচালক কার্যালয় থেকে যাচাই-বাছাইকৃত আবেদনপত্র আগামী ১৫ জুনের মধ্যে উপকমিটি, মহিলা বিষয়ক অধিদপ্তর, ঢাকায় প্রেরণ নিশ্চিত করতে বলা হয়েছে।

সাহায্যের পরিমাণ

এই তহবিল থেকে সাধারণত অসহায়, অসুস্থ, অনাথ বা ক্ষতিগ্রস্তদের চিকিৎসা, আইনগত সহায়তা বা এককালীন অনুদান হিসেবে ৫ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা বা তার বেশি আর্থিক সাহায্য দেওয়া হয়। তবে অনুদানের পরিমাণ আবেদনের ধরন ও কমিটির সুপারিশের ওপর নির্ভর করে।

মহিলা বিষয়ক অধিদপ্তরের সকল জেলার উপপরিচালক, সারা দেশের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ